১৪ দিনের কোয়ারেন্টিন শেষে গতকালই (বুধবার) মুক্ত হয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (বৃহস্পতিবার) কুইন্সটাউনে ব্যাট-বলের অনুশীলন শুরু করেছেন মুশফিক-তামিমরা। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা শহরটিতে হবে পাঁচ দিনের ক্যাম্প। দুই সপ্তাহের ‘বন্দি জীবন’ (কোয়ারেন্টিন) শেষে মাঠে ফেরার আনন্দে মতোয়ারা ক্রিকেটাররা। স্থানীয় সময় সকাল হতেই মাঠে নেমে পড়েন তারা। অনুশীলনের পাশাপাশি মুক্ত জীবনের চিহ্ন এঁকে নিয়েছেন ক্যামেরায় ধারণ করা স্থিরচিত্রে।
বেশিরভাগ ক্রিকেটারের ফেসবুক পোস্টে দলীয় একটি ছবি শোভা পাচ্ছে। তামিম-মুশফিকের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে ১১ ক্রিকেটার ছবির শোভা বাড়িয়েছেন। তামিম ইকবাল নিজের ফেসবুকে গ্রুপ ছবিটা পোস্ট করেছেন। ছবিটা এমনই যে, ক্যাপশনের প্রয়োজন পড়ছে না!
মুশফিক সিঙ্গেল একটি ছবিও তুলেছেন। কুইন্সটাউনের মাঠটির পেছনে সুউচ্চ এক পাহাড়, সেটি পেছনে রেখে মুশফিক ছবি তুললেন। যেন সবাইকে জানাতে চাইছেন, ‘দেখো সবুজ চত্বরে ফিরে আমরা কতটা আনন্দিত।’ ওই ছবিটা পোস্ট করে অবশ্য ক্যাপশন দিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান, ‘আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ক্রিকেটের জন্য দারুণ একটি জায়গা।’
মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মেহেদী হাসানও মুশফিকের মতোই পাহাড়কে পেছনে রেখে ছবি তুলেছেন। মেহেদীর পোস্ট করা ছবির ক্যাপশন, ‘কুইন্সটাউনে আমাদের প্রথম অনুশীলন।’ রুবেল লিখেছেন, ‘মাশাআল্লাহ, খুবই সুন্দর জায়গা।’ মুশফিকের মতো সাইফউদ্দিনও একই কথা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ক্রিকেটের জন্য দারুণ একটি জায়গা।’
জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো দেশের বাইরে সফরে গেছেন যুব বিশ্বকাপজয়ী দলের পেসার শরিফুল ইসলাম। লিটন-মেহেদীদের সঙ্গে তিনিও সেলফি তুলে রেখেছেন। দুই সতীর্থকে সঙ্গে নিয়ে তোলা সেলফিটা পোস্ট করে শরিফুল লিখেছেন, ‘সেলফিতে দেখা যাচ্ছে লিটন ভাই ও মেহেদী ভাই জাম্প দিয়ে আমার উচ্চতা ছোঁয়ার চেষ্টা করছে…। কুইন্সটাউন আমার দেখা এটি সবচেয়ে সুন্দর জায়গা এবং সুন্দর মাঠ।’
মোস্তাফিজকে যেন নিউজিল্যান্ডের মাঠের বাইরের সৌন্দর্যই বেশি টানলো। কুইন্সটাউনের বীচে নীল সাগরকে পেছনে ফেলে সময়টাকে বন্দি করে রাখলেন কাটার মাস্টার।









