ইনিংস হারের শঙ্কা চোখ রাঙাচ্ছিল জিম্বাবুয়েকে। ১৪২ রান তুলতেই যে ৭ উইকেট হারিয়ে বসে আফ্রিকান দেশটি। ফলোঅনের লজ্জার পর ইনিংস ব্যবধানে হার- জমাট বাঁধা শঙ্কার মেঘ সরিয়ে স্বস্তির বাতাস ছড়িয়ে দিলেন অধিনায়ক শন উইলিয়ামস। আফগানিস্তানের ঘূর্ণি ছোবলে বিপদে পড়া দলকে টেনে তুলে পেলেন দারুণ এক সেঞ্চুরির দেখা। তার অপরাজিত শতকের সঙ্গে ডোনাল্ড তিরিপানোর হার না মানা হাফসেঞ্চুরিতে ফলোঅনে পড়া জিম্বাবুয়েই লিড নিয়ে শেষ করেছে চতুর্থ দিন।
আবুধাবি টেস্টে আফগানিস্তানের রান চাপায় ফলোঅনে পড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারছিল না। কিন্তু উইলিয়ামসের হার না মানা ১০৬ ও তিরিপানোর অপরাজিত ৬৩ রানে ভর দিয়ে চতুর্থ দিন শেষে ৮ রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৬৬। আফগানিস্তানের ৪ উইকেটে ৫৪৫ রানে ঘোষণা করা প্রথম ইনিংসের পর জিম্বাবুয়ে অলআউট হয়েছিল ২৮৭ রানে।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসের শুরুটা মন্দ ছিল না আফ্রিকার দেশটির। কিন্তু রশিদ খানের ঘূর্ণির সামনে ভেঙে পড়ে তাদের টপ ও মিডল অর্ডার। ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ের ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জন্মে। ওই জায়গা থেকে প্রতিরোধ শুরু উইলিয়ামস ও তিরিপানোর। চমৎকার ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করে জিম্বাবুয়ে অধিনায়ক অপরাজিত ১০৬ রানে।
অন্যদিকে আসল কাজ বল হাতে হলেও ব্যাটিংয়ে দাঁড়িয়ে যাওয়া তিরিপানো ১৬৪ বলে অপরাজিত ৬৩ রানে। অষ্টম উইকেটে উইলিয়ামসের সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি।
প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া রশিদ দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর। ১০৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। এই স্পিনারের শিকার- কেভিন কাসুজা (৩০), তারিসাই মুসাকান্দা (১৫), সিকান্দার রাজা (২২), রায়ান বার্ল (০) ও রেগিস চাকাভা (০)।









