মুশফিকের বিদায়ের পর মিঠুনের ‘দুঃখ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ০৬:৩২আপডেট : ২০ মার্চ ২০২১, ০৬:৩২

শূন্য রানে বেঁচে গিয়ে পাওয়া নতুন জীবন কাজে লাগাচ্ছিলেন মুশফিকুর রহিম। টপ অর্ডারের ব্যর্থতা ও নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন মাথায় রেখে সাবলীল ব্যাটিংয়ে উইকেটে মানিয়ে নিয়েছিলেন নিজেকে। তাতে আশার আলো দেখতে পাচ্ছিল বাংলাদেশ। যদিও তা অন্ধকারে মিলিয়ে যেতে সময় লাগেনি। তার বিদায়ের পর সফরকারীদের বিপদ আরও বাড়ে মোহাম্মদ মিঠুন দুঃখজনক রান আউটের শিকার হলে।

ডানেডিনের প্রথম ওয়ানডেতে মোটেও ভালো অবস্থানে নেই ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। মুশফিক-মিঠুনের পর মেহেদী হাসান মিরাজের আউটে হারায় ষষ্ঠ উইকেট। যদিও মুশফিক ও মিঠুনের ব্যাটে একটা সময় ভালোই প্রতিরোধ গড়েছিল সফরকারীরা। কিউই পেসারদের সামনে রান সেভাবে না উঠলেও অন্তত উইকেট টিকিয়ে রেখেছিলেন তারা। কিন্তু মুশফিকের আউটের পর ভেঙে পড়ে মিডল অর্ডার।

এই উইকেটকিপার জিমি নিশামের বলে ফিরেছেন প্যাভিলিয়নে। মার্টিন গাপটিলের হাতে ধরা পড়ার আগে ৪৯ বলে করেন ২৩ রান, ইনিংসটিতে ছিল ২ বাউন্ডারি। মুশফিকের বিদায়ের খানিক সময় পর আউট হয়ে গেছেন মিঠুন। এই ব্যাটসম্যানের আউটটা দুঃখজনক। মাহমুদউল্লাহর শট বোলার নিশামের হাতে লেগে ভেঙে যায় অন্যপ্রান্তের স্টাম্প। সেসময় ক্রিজ থেকে বেরিয়ে ছিলেন মিঠুন। ফলে ৯ রানে শেষ হয় মিঠুনের ইনিংস।

এরপর মেহেদী হাসান মিরাজ প্রতিরোধ গড়ায় চেষ্টা করেও ব্যর্থ। মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়ে ফিরেছেন মাত্র ১ রান করে। পরে অভিষিক্ত মেহেদী হাসান ২০ বলে ১৪ রান করে প্যাভিলিয়ে ফিরলে আরও বিপদে পড়ে বাংলাদেশের।

মেহেদীর আউটের পর বাংলাদেশের স্কোর ৩১ ওভারে ৭ উইকেটে ৯৮।

‘আত্মঘাতী’ সৌম্য

২ বল আগে ফিরে গেছেন তামিম ইকবাল। প্যাভিলিয়নে থাকা অবস্থাতেই নিশ্চয় সৌম্য সরকার দেখছিলেন ট্রেন্ট বোল্টের বলে বেশ ভুগতে হচ্ছিল তামিমকে। তাছাড়া বাঁহাতি এই পেসারের বলেই ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু পরিস্থিতির দাবি না মিটিয়ে ‘আত্মঘাতী’ হয়ে উইকেট বিলিয়ে এলেন সৌম্য।

দায়িত্বহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বিপদ বাড়িয়ে আসেন ওয়ান ডাউনে নামা এই বাঁহাতি ব্যাটসম্যান। এক সাক্ষাৎকারে সৌম্য জানিয়েছিলেন, অন্য সব ব্যাটসম্যানের কাছে বোল্ট কঠিন বোলার হলেও তার কাছে খুব সহজ মনে হয় তাকে খেলা। অতিআত্মবিশ্বাসী হয়তো এবার কাল হলো তার! মুখোমুখি হওয়া তৃতীয় বলেই বাউন্ডারি চাইলেন সৌম্য, কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় কভারে ধরা পড়েন অভিষিক্ত ডেভন কনওয়ের হাতে।

একটু আগে তামিম ফিরেছেন, তার পরপরই সৌম্যর বিদায়ে চাপ বাড়ে বাংলাদেশের। যদিও ওপেনার লিটন দাস ও চার নম্বরে নামা মুশফিকুর রহিম আশা দেখাচ্ছিলেন। কিন্তু লিটনের বিদায়ে আবার সব এলোমেলো। ঠাণ্ডা মাথায় ব্যাট করতে থাকা লিটন সফট ডিসমিসালের শিকার। জিমি নিশামের হঠাৎ লাফিয়ে ওঠা বল তার ব্যাটে লেগে জমা পড়ে বোল্টের হাতে। আউট হওয়ার আগে এই ওপেনার ৩৬ বলে ১ বাউন্ডারিতে করেন ১৯ রান।

লিটনের বিদায়ের পর বাংলাদেশের স্কোর ১৪ ওভারে ৩ উইকেটে ৪২ রান।

বোল্টের বল বুঝতে পারলেন না তামিম!

বল পিচ করে আউট সুইংয়ে বেরিয়ে যাচ্ছিল। বাঁহাতি তামিম ইকবাল তো একবার চমকেই উঠলেন ট্রেন্ট বোল্টের সুইংয়ে। উইকেট বরাবর বল পড়ে চোখের পলকে অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে গেল! সেই বোল্টের ডেলিভারিতেই শেষ হলো তামিমের ইনিংস। এলবিডাব্লিউ হয়ে ফেরা বাংলাদেশ অধিনায়ক বলটি বুঝতেই পারেননি!

যেভাবে বাঁহাতি তামিমের বিপক্ষে আউট সুইং পাচ্ছিলেন বোল্ট, বাংলাদেশ ওপেনার ভেবেছিলেন এই বলটিও হয়তো সুইং করবে। কিন্তু বোল্টের ডেলিভারিতে কোনও সুইং হলো না। তামিম রক্ষণাত্মকভাবে ডান পা বাড়িয়ে ব্যাট পেতে রাখলেন, কিন্তু বল উইকেটে পিচ করে সরাসরি গিয়ে আঘাত করলো তার পায়ে। ব্যাট ও পায়ের গ্যাপ ছিল বেশ খানিকটা। তামিম যেটি মোটেও প্রত্যাশা করেননি। করার কথাও নয়, আগের প্রায় সব ডেলিভারিই যেহেতু আউট সুইং হয়েছে।

‘বোকা’ বনে যাওয়া তামিম ভালো শুরু পেয়েও তাই বিদায় নিলেন ১৩ রান করে। ১৫ বলের ইনিংসটি বাঁহাতি ওপেনার সাজান ১ বাউন্ডারি ও ১ ছক্কায়।

তার বিদায়ের পরপরই ফিরে গেছেন সৌম্য সরকার। ওই বোল্টের বলেই রানের খাতা খোলার আগে আউট হয়ে গেছেন তিনি। তাদের বিদায়ের পর বাংলাদেশের স্কোর ৬ ওভারে ২ উইকেটে ২৫।

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে এখনও জয়ের দেখা নেই বাংলাদেশের। এবার তামিম ইকবালরা গেছেন অতীতের ব্যর্থতা ঘোচাতে। সেই মিশনে আজ (শনিবার) প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। ডানেডিনের কন্ডিশন মাথায় রেখে টস জিতে বোলিং নিতে দ্বিতীয়বার ভাবেননি কিউই অধিনায়ক টম ল্যাথাম।

টস হেরে কিছুটা হতাশই হয়তো তামিম। কেননা টস পরবর্তী বক্তব্যে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। তামিম এবারের সফরে সবচেয়ে বেশি আস্থা রাখছেন তার পেসারদের ওপর। তাই একাদশে রয়েছেন তিন পেসার। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

সুযোগ হয়নি অভিজ্ঞ রুবেল হোসেনের। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের খেলার কথা শোনা গেলেও তিনিও একাদশে জায়গা পাননি। তবে অভিষেক হয়ে গেছে স্পিনার মেহেদী হাসানের। আরেক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনি স্পিন বিভাগ সামলাবেন।

নিউজিল্যান্ড আগেই জানিয়ে রেখেছিল, ডানেডিনে অভিষেক হবে তাদের তিন ক্রিকেটারের। সেই কথা অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে প্রথমবার নেমেছেন দুই ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের সঙ্গে অলরাউন্ডার ড্যারিল মিচেল।

নিউজিল্যান্ডের মাটিতে এবার ইতিহাস পাল্টানোর মিশন নিয়েই নামছে সফরকারীরা। কারণ কিউইদের মাটিতে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ! তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছে ২৬টি। অথচ একটি ম্যাচেও বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি। অদেখা সেই জয় পেতেই এবার মরিয়া বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), উইল ইয়াং, জেমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম