আজ ছিল তামিম ইকবালের জন্মদিন। অথচ নিজের জন্ম দিনেই পেতে হলো লজ্জাজনক কিছু! নিউজিল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে তার নেতৃত্বে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে! ৩২ বছর পূরণ করা তামিম অবশ্য কাঠগড়ায় দাঁড় করালেন নিজেদেরকে!
ম্যাচ শেষে তামিম বলেছেন, যে ব্যাটিং বিভাগকে এতদিন নিজেদের শক্তির জায়গা মনে করে আসছিলেন। সেই ব্যাটিংটাই আজ তাদের ভালো ছিল না, ‘আমার মনে হয়েছে খুব বেশি লুজ শট খেলে আউট হয়েছি। ওরাও খুব ভালো বল করেছে, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু দোষটা আসলে নিজেদেরই বহন করতে হবে। যে ব্যাটিং নিয়ে আমাদের গর্ব ছিল। আজ সেটা ধারে কাছেও ছিল না।’
নিউজিল্যান্ড সফরে অনেক সময় নিয়েই গেছে তামিমরা। এমনকি প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পেয়েছে। তাই প্রস্তুতির যে কোনও ঘাটতি ছিল না, সে বিষয়টি শিকার করলেন তামিম। এখন পরের ম্যাচে ভালো কিছুর আশাবাদ তার কণ্ঠে, ‘আমরা এখানে অনেক দিন ধরেই রয়েছি। তাই প্রস্তুতি নিয়ে কোনও অভিযোগ করতে পারি না। এটা আমাদের জন্য নতুনও নয়। আশা করছি, পরের ম্যাচে ভালো কিছু উপহার দিতে পারবো।’
আজকের ম্যাচেই অভিষেক হয়েছে মেহেদী হাসানের। ১৪ রান করার পর বল হাতেও ছিলেন মিতব্যয়ী। ৬ ওভারে দিয়েছেন ১৭ রান! ম্যাচ শেষে অবশ্য মেহেদীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তামিম, ‘মেহেদীর কথা বলতেই হচ্ছে। ওর প্রথম শট অসাধারণ ছিল। চাইছিলাম ও এটা ধরে রাখুক। বল হাতেও সে ভালো ছিল। আজকে ও নিজের স্বকীয়তা দেখিয়েছে।’









