প্রথম টেস্টের প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের পর ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৫৫ রান। শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ১৫৩।
অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের শুরুটাও শঙ্কা জাগানো ছিল শ্রীলঙ্কার। ৮ রানে দিমুথ করুনারত্নে ফিরে যান রোচের বলে। পরে পরিস্থিতি পুরোপুরি বদলে যায় ওপেনার লাহিরু থিরিমান্নে ও ওশাডা ফার্নান্ডোর ব্যাটিং নৈপুণ্যে। দু’জনে ১৬২ রানের পার্টনারশিপ গড়েছেন। তাদের মধ্যে বেশি স্থিতধী মনোভাবের পরিচয় দিয়েছেন থিরিমান্নে।
ফার্নান্ডো অবশ্য ১৪৯ বলে ৯১ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন আগে। তৃতীয় দিন সাজঘরে ফেরা শেষ উইকেটটি ছিলেন থিরিমান্নে। ২০১ বল খেলে রোচের বলে তিনি বোল্ড হন ৭৬ রানে!
১৮৯ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর বাকি দিনটা সামাল দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও পাথুম নিসাঙ্কা। ধনঞ্জয়া ব্যাট করছেন ৪৬ রানে, নিসাঙ্কা ২১ রানে। তারা ৬৬ রানের জুটি গড়েছেন। এখন ভালো কিছু করতে চতুর্থ দিন এই জুটির ওপরই অনেক কিছু নির্ভর করছে। পরবর্তী স্বীকৃত ব্যাটসম্যান আছেন নিরোশান দিকবেলা।
এর আগে অবশ্য দিরেন শুরুতেই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৭১ রানে অলআউট করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সেরা বোলার ছিলেন সুরঙ্গ লাকমাল। ৪৭ রানে নেন ৫ উইকেট। দুটি করে নিয়েছেন বিশ্ব ফার্নান্ডো ও দুশমন্থ চামিরা।









