নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে সিরিজেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সফরকারী বোলারদের তুলোধুনো করে ৩ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কিউইরা। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর মতে, নিউজিল্যান্ডের স্কোরটা ১৯০ হলে ম্যাচ জয় সম্ভব ছিল!
কিউইদের বিপক্ষে আরেকটি হার সঙ্গী করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহমুদউল্লাহ। সেখানেই তিনি বলেছেন, ‘স্কোরটা ১৯০ হলে তাড়া করার মতো ছিল, তবে বাজে ফিল্ডিংয়ের কারণে একটু বেশি বাউন্ডারি হজম করতে হয়েছে।’
প্রথম ১৫ ওভারে স্বাগতিকদের রান ছিল ১৪৬। শেষ ৫ ওভারে রান উঠে ৬৫। ওটাই মূলত বুমেরাং হয় সফরকারীদের জন্য। মাহমুদউল্লাহ মনে করছেন তেমনটা, ‘আমার মনে হয় আমাদের সুযোগ ছিল। শুরুতে আমরা উইকেট নিয়েছি, রান রেট সাতের নিচে ছিল। কিন্তু ডেভন যেভাবে ব্যাটিং করেছে, সে তার সাম্প্রতিক ইনিংসগুলোয় ধারাবাহিকভাবে দারুণ খেলেছে। আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। কিছু মিসফিল্ডিং বাউন্ডারি দিয়ে দিয়েছে।’
মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘আমি আগেও বলেছি, ১৯০ রান হলে সেটি তাড়া করে জেতা যেতো। একসঙ্গে বেশ কয়েকটি উইকেট হারালে ম্যাচ জেতা সহজ হয় না।’
মূলত কনওয়ের বিধ্বংসী ইনিংসেই রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ৫২ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরাও হন তিনি। কিউই এই ব্যাটসম্যানই কী পার্থক্য গড়ে দিয়েছিল? এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সে দারুণ ফর্মে আছে, আমার জানামতে গত ৬-৭ ম্যাচে ৫-৬টি ফিফটি করেছে। তবে আমরা তাকে আউট করার সুযোগ পেয়েছিলাম। সামনের ম্যাচে তাকে আটকানোর উপায় বের করতে হবে।’









