আরেকটি ব্যর্থ সফর যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে। তবে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে মুখিয়ে লাল-সবুজ জার্সিধারীরা। সেই লক্ষ্যে ও হোয়াইটওয়াশ এড়াতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বেলা ১২টায় অকল্যান্ডের ইডেন পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে সফরকারীরা। ম্যাচটিতে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। চোটের কারণে তিনি না থাকায় শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন দাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে মাহমুদউল্লাহর না খেলা ও লিটনের নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, বাঁ ঊরুতে টান লাগায় শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না মাহমুদউল্লাহ।
অবশ্য নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আগেই একটা আভাস দিয়েছিলেন মাহমুদউল্লাহর না খেলার। তিনি বলেছিলেন, ‘মাহমুদউল্লাহর ফিটনেসে সমস্যা আছে। মুশফিক তো আগে থেকেই ইনজুরিতে। আজকের ম্যাচে এই দুজনের খেলার সম্ভাবনা নেই।’
মাহমুদউল্লাহ না খেললে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? এ ব্যাপারে জালাল ইউনুস তখন কিছু না জানালেও পরে বিসিবি নিশ্চিত করেছে লিটনের নেতৃত্ব দেওয়ার বিষয়টি।
হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি বাজে পারফরম্যান্সে ৬৬ রানে হারে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পাশাপাশি ফিল্ডারদের ব্যর্থতায় সমালোচিত হতে হয়েছে মাহমুদউল্লাহদের। এরপর নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচ ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা।
দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে কিছুটা ভালো করলেও ব্যাটিংয়ে সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। ফলে হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের। এ পর্যন্ত কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮ দেখার সবকটিতে হেরেছে লাল-সবুজরা। অকল্যান্ডের ইডেন পার্কের উইকেটের ম্যাচটাও হবে হাইস্কোরিং, ফলে এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সফরকারীদের।
ইডেন পার্কে সর্বোচ্চ রান ২৪৫। এই মাঠে বাংলাদেশের একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও কখনও টি-টোয়েন্টি খেলেনি। ২০০৭ সালে খেলা ওয়ানডেতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০১ রান করেছিল। জবাবে ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল স্বাগতিকরা।








