ক্যান্ডিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান।
এর আগে প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৬৪৮ রান তুলেই প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। তারা লিড পায় ১০৭ রানের।
জবাবে খেলতে নেমে এই ইনিংসেও ব্যর্থ ছিলেন ওপেনার সাইফ হাসান। সুরাঙ্গা লাকমালের অফ স্টাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারেননি। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। সাইফ ফিরেছেন মাত্র ১ রানে! প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত নামলেও প্রত্যাশা পূরণ করতে পারলেন না এবার। লাকমালের বল ব্যাটে আনতে পারেননি। ব্যাটের কানায় লেগে তা আঘাত হানে স্টাম্পে। ফিরেছেন রানের খাতা খোলার আগেই! অপরপ্রান্তে স্বভাবসুলভ ভঙ্গিতে খেলে যাচ্ছেন তামিম ইকবাল। ক্রিজে আছেন ২৭ রানে। সঙ্গে আছেন অধিনায়ক মুমিনুল।
এর আগে বাংলাদেশের পঞ্চম দিনের সকালটা ছিল সাফল্যময়। গতকাল সারা দিন কোনও উইকেটই পায়নি বোলাররা। সেখানে আজ সকালে শুরুর দিকেই সাফল্যের মুখ দেখেন তাসকিন। ভাঙেন বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের গড়া রেকর্ড ৩৪৫ রানের সর্বোচ্চ জুটি। তাসকিনের ব্যাক অব লেন্থের বল বেশি দেরি করে খেলতে গিয়েছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ফলাফল ইনসাইড এজ হয়ে বল আঘাত হেনেছে স্টাম্পে। ধনাঞ্জয়া ফিরেছেন ১৬৬ রানে। খেলেছেন ২৯১ বল। তাতে ছিল ২২টি চার।
এক ওভার বিরতি দিয়ে ডাবল সেঞ্চুরিয়ান করুনারত্নেকেও ফেরান তাসকিন। তার শর্ট বল পুল করতে গিয়ে নাজমুল শান্তর হাতে তালুবন্দি হন করুনারত্নে। এর ফলে ৪৩৭ বলে ২৪৪ রানে ফিরেছেন লঙ্কান অধিনায়ক। তাতে ছিল ২৬টি চার।
এর পর দ্রুত গতিতে রান তোলার কৌশল নিতে গিয়েই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। লঙ্কানদের আরও জুটি গড়ার আশায় জল ঢেলেছেন পেসার এবাদত হোসেন। নতুন নামা পাথুম নিসাঙ্কাকে গ্লাভসবন্দি করেছেন। এবাদতের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়েছিলেন লঙ্কান এই ব্যাটসম্যান। কিন্তু বাইরের বল খেলতে গিয়ে এজ হয়ে জমা পড়েছেন লিটন দাসের গ্লাভসে। নিসাঙ্কা ফিরেছেন ১২ রানে।
দিকবিলা ও হাসারাঙ্গা মিলে সকালের ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন যদিও। কিন্তু ভুল বোঝাবুঝিতে দিকবিলা রান আউটে ফিরলে ভাঙে এই জুটিও। দিকবিলা ফিরে যান ৩১ রানে।
এর পরেও স্কোরবোর্ডে রান তুলতে সমস্যা হয়নি লঙ্কানদের। লাঞ্চ বিরতির আগে সুরাঙ্গা লাকমাল ও হাসারাঙ্গা মিলে ৬২ রানের জুটি গড়েন। মধ্যাহ্ন ভোজনের একটু আগেই লঙ্কানদের গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন তাইজুল। তার ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরেছেন ৪৩ রান করা হাসারাঙ্গা।
শ্রীলঙ্কার আগে বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রানে ঘোষণা করেছে প্রথম ইনিংস।









