দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যস্ত দলকে ম্যাচে ফেরান তামিম ইকবাল। আগ্রাসী ব্যাটিং করে ৭৪ রানে অপরাজিত থাকেন। তামিমের এমন আগ্রাসী মনোভাবে মুগ্ধ মুমিনুল হক। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেই দিলেন, তামিমের স্টাইলে খেললে টেস্ট ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরিও হতো না তার!
ক্যান্ডি টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ওখান থেকে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে তামিম বড় স্কোরের ভিত গড়ে দেন আগ্রাসী মনোভাবে। নিজে ৯০ রানে আউট হলেও তামিমের দেখানো পথে হেঁটে শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস স্কোরবোর্ড সমৃদ্ধ করেন।
টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করেন তামিম। ক্যান্ডি টেস্টের দুই ইনিংসেও সেই তামিমকে দেখা গেছে। মুমিনুল বিষয়টি সামনে এনে বললেন, ‘আপনারা প্রথম থেকে যদি দেখেন, উনি (তামিম) ছোটবেলা থেকে এভাবে (আগ্রাসী) ব্যাটিং করেন। তার খেলার ধরনই এরকম। আমার খেলার ধরন আরেকরকম। উনি শটস খেলতে পছন্দ করেন। আমার আজকে ১১টা একশো, উনার মতো খেলতে গেলে হয়তো পাঁচটা হতো কিনা সন্দেহ! তো একেকজনের খেলার প্যাটার্ন একেকরকম। একেকজনের খেলার প্ল্যান একেকরকম।’
ক্যান্ডি টেস্ট ড্রয়ের পেছনে সবচেয়ে বড় কৃতিত্বটা মুমিনুল দিচ্ছেন তামিমকেই, ‘ব্যাটিংয়ের কথা যদি বলেন, আমাদের টোন সেট করে দিয়েছে তামিম ভাই। উনার ৯০ রানের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর শান্ত অসাধারণ ব্যাট করেছে। আমি সবচেয়ে বেশি খুশি যে দল হিসেবে সবাই ভালো করেছে, দলীয় পারফরম্যান্স ছিল। লিটন, মুশফিক ভাই সবাই।’








