প্রথম টেস্টে ক্যান্ডির নিষ্প্রাণ উইকেটে বোলারদের কিছুই করার ছিল না। দুই দলের ব্যাটসম্যানরা ব্যাটিং স্বর্গে রান করলেও কষ্ট করতে হয়েছে বোলারদের। এমন উইকেটে টেস্টের ফল আশা করা খুবই কঠিন। তবে টানা হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশের জন্য এই ড্র তো জয়ের মতোই! কিন্তু বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বদল চাইছেন এমন মানসিকতার। বুধবার ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রোটিয়া কোচ।
সিরিজের প্রথম টেস্টটি ড্র হওয়ার পর বৃহস্পতিবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হতে যাচ্ছে। শেষ ম্যাচ নিয়ে আগের দিন নিজেদের প্রত্যাশার কথা বললেন ডমিঙ্গো, ‘একটি ড্র টেস্টকে যখন বিশাল সাফল্য হিসেবে দেখা হয়, এটা সত্যিই হতাশার। এটাও ঠিক আমরা টেস্ট হারতে চাই না। কিন্তু এই মানসিকতার বদল আনতে হবে। আমাদের টেস্ট জয়ের জন্য খেলতে হবে।’
কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে খুব বেশি সাফল্য পাননি বাংলাদেশের এই কোচ। টেস্টে তার সাফল্য বলতে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র এবং জিম্বাবুয়ের বিপক্ষে একটি জয়! কিন্তু ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান- কারো বিপক্ষেই জিততে পারেনি তার শিষ্যরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করার পর ডমিঙ্গো জানালেন, দলের সংস্কৃতিটা তিনি এখন বুঝতে পেরেছেন, ‘দেখুন আমি ৭-৮ টা টেস্ট পেয়েছি। আমার মনে হয় এখন দলের সবাইকে বুঝতে পারছি, দলের সংস্কৃতিটা বুঝতে পারছি। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, টেস্টে ভালো করার মানসিকতাটা কীভাবে বাড়াতে হবে-এসব বিষয় নিয়ে ভাবছি। মানসিকতা বদলের মাধ্যমে আমরা উন্নতিটা করতে চাই। যখন আমরা টেস্ট জেতা শুরু করবো, তখন এটার বদল হবে। আমি নিশ্চিত করতে চাই দল যেন সামনে এগিয়ে যায়। ’









