২০১৫ বিশ্বকাপে অশালীনভাবে এক নারীর কাছে নিজেকে উপস্থাপন করেছিলেন বলে সম্প্রতি অভিযোগ উঠেছে ক্রিস গেইলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছিল অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া। আর সেই অস্ট্রেলিয়ান মিডিয়ার বিরুদ্ধেই মানহানির মামলা করতে যাচ্ছেন ক্যারিবীয় এই তারকা।
মানহানির মামলা করতে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায়ের একজন মিডিয়া আইনজীবীর কাছে দ্বারস্থ হয়েছেন গেইল।
মূল ঘটনাটি ছিল বিগ ব্যাশেই। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ চলার সময় মহিলা এক সাংবাদিককে ‘অশালীন’ মন্তব্য করেন গেইল। এ ঘটনায় জরিমানাও করা হয় তাকে। 'অপরিপক্ক' আচরণের জন্য গেইলকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়।
এই ঘটনাই উস্কে দেয় আরেকটি ঘটনাকে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এক নারীর সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে নতুন অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল ২০১৫ বিশ্বকাপে। সে সময় ওয়েস্ট ইন্ডিজ দলের সেবায় ছিলেন অস্ট্রেলিয়ার এক নারী। একদিন কাজের জন্য ওই নারী গেইলদের ড্রেসিং রুমে প্রবেশ করেছিলেন। তিনি ভেবেছিলেন সে সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে রয়েছেন। রুমে ঢুকে তিনি তোয়ালে পড়া ক্রিস গেইলকে দেখতে পান। এরপরেই নিজেকে তার সামনে অশালীন ভাবে উপস্থাপন করে কিছু কথা বলেন গেইল। বিগ ব্যাশের ওই ঘটনার পরই মুখ খুলেন সেই নারী। যেটি সামনে নিয়ে আসে ফেয়ার ফ্যাক্স মিডিয়া।
অবশ্য ক্রিস গেইলের এজেন্ট তার পক্ষ থেকে এই ঘটনায় তার সম্পৃক্ত থাকার বিষয়টিকে নাকোচ করে দিয়েছেন।
/এফআইআর/







