হারারেতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের পথে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন ফাওয়াদ আলম। জিম্বাবুয়েকে প্রথম দিন ১৭৬ রানে অলআউটের পর পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৭৪ রানে। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৯৮ রান।
বিনা উইকেটে ১০৩ রান নিয়ে দিনের শুরুটা স্বস্তিতে করতে পারেনি পাকিস্তান। ধীর গতির পিচে ১০ ওভারে মাত্র ১০ রান যোগ করতে পারেন আবিদ আলী। যার মধ্যে প্রথম ১৪ ওভারের ৮টিই ছিল মেইডেন!
এর পর বামহাতি স্পিনার টেন্ডাই চিসোরো এলে বেশিক্ষণ থিতু হননি আবিদ। এজ হয়ে বিদায় নিয়েছেন ৬০ রানে। তার বিদায়েই ১১৫ রানের ওপেনিং জুটি ভাঙে পাকিস্তানের। অপর প্রান্তে বাট হাফসেঞ্চুরি তুলে নিলেও আক্ষেপ নিয়ে ফিরে যান ৯১ রানে! মাঝে আজহার আলী ৩৬ ও অধিনায়ক বাবর আজম গোল্ডেন ডাকে ফিরলে চাপ সামাল দেন ফাওয়াদ আলম।
মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে স্কোর ছাড়ান তিনশো। দুজনে মিলে গড়েন ১০৭ রানের জুটি।
রিজওয়ান ৪৫ রানে ফিরলেও প্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন ফাওয়াদ। শেষ দিকে ফাহিম আশরাফ ফিরলে হাসান আলীকে নিয়ে দিন পার করেছেন তিনি। ফাওয়াদ ব্যাট করছেন ১০৮ রানে। হাসান ক্রিজে আছেন ২১ রানে।
জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার ডোনাল্ড তিরিপানো। একটি করে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগ্রাভা ও টেন্ডাই চিসোরো।









