ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। তিন ম্যাচের ওই সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে আগের সাফল্য ধরে রাখতে চূড়ান্ত দলে খুব বেশি পরিবর্তন আনেনি বাংলাদেশের নির্বাকচরা। ইনজুরির কারণে আগেই ছিটকে যাওয়া রুবেল ও হাসান মাহমুদ ছাড়া আগের সিরিজটি থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলটি ১৮ জনের হলেও শ্রীলঙ্কা সফরের দল ১৫ জনের। চূড়ান্ত দল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। ৩-০ ব্যবধানে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে। আশা করি, শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।’
চূড়ান্ত দলে ১৫ জন রাখলেও অপেক্ষমাণ তালিকায় চার খেলোয়াড় রেখেছে নির্বাচকরা। করোনার কথা মাথায় রেখেই নির্বাচকদের এমন সিদ্ধান্ত, ‘আমরা ১৫ জনের স্কোয়াড দিয়েছি এবং চারজন স্ট্যান্ডবাই আছে— নাঈম শেখ, তাইজুল, শহিদুল ও বিপ্লব আছে। ১৯ জনের এই স্কোয়াডটাই আমরা রেডি করেছি। কারণ কোভিডের মধ্যে বলা যায় না কখন কাকে লাগে। স্ট্যান্ডবাই চারজনও দলের সঙ্গেই থাকবে।’









