পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু করা যাবে কিনা এ নিয়েই সংশয় ছিল। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে কিছু বিষয়ে শিথিলতার আশা করলেও সেটি হচ্ছিল না। শেষ পর্যন্ত মরুর বুকে আবু ধাবিতে জুন থেকেই মাঠে গড়াতে যাচ্ছে পিএসএলের বাকি ম্যাচ।
বুধবারই এ নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সাড়া মিলছিল না। ফলে ফ্র্যাঞ্চাইজি ও অফিসিয়ালদের একভাবে বলা হয়েছিল, সব প্রক্রিয়া যেন দেরি করে শুরু করে। ২৪ ঘণ্টার ব্যবধানে অবিশ্বাস্য ভাবেই নাটকীয় মোড় ঘটে পরিস্থিতির। বৃহস্পতিবার পিএসএল আয়োজনের সবুজ সঙ্কেত পেয়ে যায় পিসিবি।
যে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ সহজ হতে পারছিল না সেটি হলো ভ্রমণ নিষেধাজ্ঞা। যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া, সেখান থেকেই বেশিরভাগ ক্রিকেটার, স্টাফ, প্রোডাকশন ও ব্রডকাস্টাররা আসবেন। এখন আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে যারা আসবেন, তাদের ১০ দিনের কোয়ান্টিনে যেতে হবে। তারা আসবেনও চার্টার্ড ফ্লাইটে।
বাংলাদেশ, শ্রীলঙ্কার খেলোয়াড়রা সরাসরি চলে যাবেন পাকিস্তান। সেখান থেকেই চার্টার্ড বিমানে করে তারা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবেন। কারণ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্ষেত্রেও ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে পাকিস্তান থেকে লাহোর ও করাচি থেকে দুটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানে গত মার্চে কয়েকজন খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত হয়ে যায় পিএসএল। করোনা পরিস্থিতিতে পরে সেটি মরুর বুকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। এখন বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ১ জুন থেকে। ফাইনাল হওয়ার কথা ২০ জুন।









