করোনাভাইরাসের কারণে স্থগিত করা পাকিস্তান সুপার লিগ ফের শুরু হচ্ছে জুনের প্রথম সপ্তাহ থেকে। এই লিগে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর খেলার কথা ছিল। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিতে পিএসএলে খেলছেন না তারা। দু’জনের বদলে পিএসএল কর্তৃপক্ষ রশিদ খান ও শিমরন হেটমায়ারকে বদলি হিসেবে নিয়েছে।
মূলত প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে নিয়েছিল লাহোর। এর আগে পেশাওয়ার ও করাচির হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা হয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারের।
কিন্তু আগামী ৩১ মে থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগেই খেলতে যাচ্ছেন সাকিব। এরই মধ্যে মোহামেডানে চুক্তিবদ্ধও হয়েছেন। তাই বাঁহাতি এই অলরাউন্ডারের পরিবর্তে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে বেছে নিয়েছে লাহোর কালান্দার্স।
সাকিবের মতো একই কারণে পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলবেন তিনি। পিএসএলে মুলতান সুলতানসের হয়ে মাঠে নামার কথা ছিল মাহমুদউল্লাহর। এ কারণে মুলতান কর্তৃপক্ষ মাহমুদউল্লাহর বদলি হিসেবে দলে টেনেছে ক্যারিবিয় ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে।









