শঙ্কায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা পরিস্থিতি ভালো নয় দেশটিতে। এই অবস্থায় বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টির বিশ্ব আসর কোথায় হবে, সেটা ভারতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দেশটির ভয়াবহ করোনা পরিস্থিতি টুর্নামেন্ট আয়োজন হুমকির মধ্যে ফেলে দিয়েছে। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কিছুদিন আগে জানিয়েছিল, পরিস্থিতি অনুকূলে না থাকলেই কেবল ভারত থেকে সরে যেতে পারে এই টুর্নামেন্ট। সেক্ষেত্রে কুড়ি ওভারের শ্রেষ্ঠত্বের লড়াই হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া শঙ্কা নিয়ে বিসিবি খুব একটা উদ্বিগ্ন নয়। সংস্থাটির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান (আজ) মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘(টি-টোয়েন্টি) বিশ্বকাপ আয়োজন ভারতের ওপর নির্ভর করছে। ভারত কী করতে চাইছে দেখতে হবে। ভারত পারবে কিনা, না হলে শোনা যাচ্ছে দুবাইতে হতে পারে।’
এদিকে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনার কারণে ইতিমধ্যে বাতিল হয়ে গেছে প্রতিযোগিতাটি। এই সময়টাতে বাংলাদেশে কোনও সিরিজ আয়োজন সম্ভব কিনা, এমন প্রশ্নে আকরাম বলেছেন, ‘আপাতত আমাদের খুব ব্যস্ত সূচি। আমাদের এই সিরিজের পর ক্লাব ক্রিকেট শুরু হবে। তারপর আছে জিম্বাবুয়ে সফর, সেখানে একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়িয়েছি।’
কথাটা শেষ করেই সাবেক অধিনায়ক বললেন, ‘তারপর জিম্বাবুয়ে থেকে ফেরার পর আমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ আছে। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকার বিষয়টি দেখতে হবে। সবকিছু মিলিয়ে ভাবতে হবে। অতিরিক্ত খেলাও কিন্তু ভালো না। আমরা এসব নিয়ে ভাবছি।’









