হোয়াইটওয়াশ করা হলো না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ২০:৪৭আপডেট : ২৮ মে ২০২১, ২১:২৪

এক ম্যাচ আগে হয়েছে সিরিজ নিশ্চিত। তারপরও তৃতীয় ও শেষ ওয়ানডের গুরুত্ব কোনও অংশে কম ছিল না। একে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের হিসাব, অন্যদিকে শ্রীলঙ্কাকে প্রথমবার হোয়াইটওয়াশ করার উপলক্ষ। যে কারণে ‘নির্ভুল’ ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তামিম-মাহমুদউল্লাহরা। অথচ দৃশ্যপটে থাকলো অন্য চিত্র। ভুলে ভরা এক ম্যাচে লজ্জার হারে হোয়াইটওয়াশের স্বপ্ন যেমন চুরমার হলো, তেমনি বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট হাতছাড়া হলো বাংলাদেশের।

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শেষ ওয়ানডে বাংলাদেশ হেরেছে ৯৭ রানের বড় ব্যবধানে। টস জেতা শ্রীলঙ্কা কুশল পেরেরার ১২০ রানের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করে ২৮৬ রান। কঠিন লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৪২.৩ ওভারে অলআউট ‍হয়েছে ১৮৯ রানে। ফলে, ব্যাটিং ব্যর্থতার আরেকটি অধ্যায় শঙ্কার ছবিই এঁকে দিলো লাল-সবুজ ক্যাম্পে।

টপ অর্ডারের ব্যর্থতা ফুটে উঠলো আরেকবার। তামিম ইকবাল, নাঈম শেখ ও সাকিব আল হাসান ফিরে যান দলীয় ২৮ রানে। আগের দুই ম্যাচের নায়ক মুশফিকুর রহিম আশা জাগালেও পারেননি। তার বিদায়ের পর মাহমুদউল্লাহ (৫৩) ও মোসাদ্দেক হোসেনের (৫১) হাফসেঞ্চুরি যথেষ্ট ছিল না। লোয়ার অর্ডার পুরোপুরি ব্যর্থ। সব মিলিয়ে ব্যাটিং ব্যর্থতায় আশঙ্কার মেঘ আরও জমাট বাঁধলো শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।

বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন দুষ্মন্থ চামিরা। এই পেসার ৯ ওভারে মাত্র ১৬ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। তার সঙ্গে স্পিনে সঙ্গী হয়েছিলেন রমেশ মেন্ডিস (২/৪০) ও ভানিন্দু হাসারাঙ্গা (২/৪৭)।

লিটনের ‘ভূত’ নাঈমের ঘাড়ে

ব্যর্থতার বৃত্ত ঘুরপাক খাচ্ছিলেন লিটন দাস। তাই তাকে বসিয়ে একাদশে সুযোগ দেওয়া হলো নাঈম শেখকে। ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচে খেলতে নামা এই ওপেনারের অবস্থাও একই। লিটনের ‘ভূত’ চেপে বসলো তার ঘাড়ে! তামিম ইকবালের সঙ্গী হয়ে ওপেনিংয়ে নেমে তরুণ এই ব্যাটসম্যানও ব্যর্থ।

মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন নাঈম। মুখোমুখি দ্বিতীয় বলে ১ রান করেছেন তিনি। দুষ্মন্থ চামিরার বল তার ব্যাট ছুঁয়ে গেলে স্লিপে দাঁড়ানো কুশল মেন্ডিস ক্যাচ নিতে ভুল করেননি। ফলে দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব ব্যাটসম্যান সাকিবের দেখা নেই

তৃতীয় ওয়ানডের আগে মাহমুদউল্লাহ জোর গলায় বলেছিলেন, তিনি নিশ্চিত শেষ ম্যাচে রান পাবেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও আশায় ছিলেন ব্যাটসম্যান সাকিবের ঝলক দেখার। কিন্তু হলো না। ব্যাট হাতে আরেকটি ব্যর্থতার অধ্যায় যোগ হলো বাঁহাতি অলরাউন্ডারের ক্যারিয়ারে।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতেও ব্যর্থ সাকিব। মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি। শুরুতে ওপেনার নাঈম শেখ ফিরে যাওয়ায় তার কাছে দলের প্রত্যাশা আরও বেড়ে যায়। কিন্তু বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে দলকে আরও বিপদে ছেড়ে আসেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। দুষ্মন্থ চামিরার শর্ট বলে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে সাকিব ধরা পড়েন রমেশ মেন্ডিসের হাতে।

ফলে ব্যাটসম্যান সাকিবের দেখা মিললো না গোটা সিরিজেই। প্রথম দুই ম্যাচে ১৫ ও ০ রানের পর শেষ ওয়ানডেতে বিদায় নিলেন ৪ রানে।

আউট মানতে পারলেন না তামিম

তামিম ইকবাল ভীষণ আত্মবিশ্বাসী, রিভিউ নিতেও সময় নিলেন না। আর আউটের সিদ্ধান্তে বারবার মাথা নাড়িয়ে বোঝালেন, তিনি ‘আউট নন’। কিন্তু থার্ড আম্পায়ারের কাছে যাওয়া সিদ্ধান্ত গেলো তামিমের ‘বিরুদ্ধে’। আউটের সিদ্ধান্ত মানতে পারলেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মাঠেই ক্ষোভ ঝারলেন তিনি।

দুষ্মন্থ চামিরার স্লোয়ার তামিমের ব্যাটে লেগে জমা পড়েছে উইকেটকিপার ‍নিরোশান ডিকবেলার গ্লাভসে। ফিল্ড আম্পায়ার দিলেন আউট। তবে তামিম সঙ্গে সঙ্গে নিলেন রিভিউ। বেশ খানিক সময় দেখে টিভি আম্পায়ার দিলেন আউটের সংকেত। তামিম সিদ্ধান্তটা মানতে পারেননি। প্যাভিলিয়নে ফেরার পথে বারকয়েক ক্ষোভ ঝারতে দেখা গেছে তাকে। এমনকি ফিল্ড আম্পায়ারের কাছেও তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

তামিমের ব্যাটে শব্দ হয়েছে, তবে সেটি বলে লাগার নাকি ব্যাট মাটিতে আঘাত করার, সেটি নিয়েই জন্ম নিয়েছে প্রশ্ন। ‘প্রশ্নবিদ্ধ’ আউটের আগে তামিম ২৯ বলে করেছেন ১৭ রান, যাতে ছিল ২ বাউন্ডারির মার।

সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি মুশফিক পারলেন না মুশফিক

শ্রীলঙ্কাকে সামনে পেলেই জ্বলে ওঠেন মুশফিকুর রহিম। কতটা? চলমান সিরিজে চোখ দিন। প্রথম ম্যাচে ৮৪, দ্বিতীয় ম্যাচে ১২৫। দুই ম্যাচে চরম বিপদের সময় বুক চিতিয়ে লড়াই করেছেন। আজ (শুক্রবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতেও দলের প্রয়োজনে দাঁড়িয়ে গিয়ে আশা জাগাচ্ছিলেন। কিন্তু হলো না এবার।

আরেকবার ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। নাঈম শেখ, সাকিব আল হাসান ও তামিম ইকবালের বিদায়ের পর একটু একটু করে ইনিংস গড়ছিলেন মুশফিক। আগের দুই ম্যাচের মতোই সিঙ্গেলসে জোর দিয়ে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন। কিন্তু ধৈর্যের পরীক্ষায় হার মানলেন এবার। মুখোমুখি ৫৩ বলে ছিল না কোনও বাউন্ডারি, তবে ৫৪তম বলে এসে ‘লোভ’ সামলাতে পারলেন না মুশফিক। ডাউন ‍দ্য উইকেটে এসে ‘বিগ শট’ খেলতে গিয়ে উইকেট দিয়ে এলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

রমেশ মেন্ডিসের বলে লং অনে তিনি ধরা পড়েন ধনাঞ্জয়া ডি সিলভার হাতে। ফেরার আগে ৫৪ বলে করেন ২৮ রান।

ফিফটি করেই ‘দায়িত্ব’ শেষ মোসাদ্দেকের

তরুণ ক্রিকেটারদের দায়িত্ব নেওয়ার কথা বারবার বলা হচ্ছে টিম ম্যানেজমেন্ট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মোসাদ্দেক হোসেনের ব্যাটে সেই দায়িত্ব ফুটে উঠলো প্রবলভাবে। বিপদের সময় একপ্রান্ত আগলে রেখে ধৈর্যশীল ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি। কিন্তু হাফসেঞ্চুরি করেই যেন মনে হলো ‘দায়িত্ব’ শেষ! কোথায় ইনিংসটা টেনে নিয়ে দলকে ভালো জায়গায় নিয়ে যাবেন, তা নয়, অপ্রয়োজনীয় রিভার্স সুইপে বিলিয়ে এলেন উইকেট।

সিনিয়র ক্রিকেটারের ব্যর্থতায় ৫১ রানের ইনিংস খেলেছেন, এজন্য তিনি বাহবা পেতে পারেন। কিন্তু সময়ের চাওয়া মিটিয়ে যিনি ক্রিজে মানিয়ে নিয়েছিলেন নিজেকে, তার এরকম দৃষ্টিকটু আউট কাঠগড়ায় তুলবে নিশ্চিতভাবে। প্রায় দুই বছর পর প্রথমবার হাফসেঞ্চুরির দেখা পেয়ে ইনিংস আরও লম্বা করতে পারলে নিজের যেমন উপকার হতো, তেমনি দলে রাখতে পারতেন আরও অবদান।

কিন্তু রমেশ মেন্ডিসের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বল-ব্যাটে ঠিকঠাক না হওয়ায় ৫১ রানে ফিরেছেন তিনি। ৭২ বলের ইনিংসটি মোসাদ্দেক সাজান ৩ বাউন্ডারি ও ১ ছক্কায়।

ব্যর্থ লোয়ার অর্ডার

দুষ্মন্থ চামিরার তোপে দিশেহারা বাংলাদেশ। প্রথম স্পেলে ৩ উইকেট পাওয়া এই পেসার ফিরেই এক ওভারে নিলেন ২ উইকেট। ফলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন লঙ্কান পেসার।

শেষ ওয়ানডেতে তরুণ ক্রিকেটাররা পেয়েছিলেন নিজেদের প্রমাণের আরেকটি সুযোগ। বিশেষ করে, আফিফ হোসেন। কিন্তু পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান। ভানিন্দু হাসারাঙ্গার বলে ১৬ রান করে আউট হয়ে গেছেন তিনি। তার ১৭ বলের ইনিংসে নেই কোনও বাউন্ডারি।

আফিফের বিদায়ের ‍পরের ওভারেই চামিরার জোড়া আঘাত। মেহেদী হাসান মিরাজকে (০) বিদায় করার এক বল পরই তিনি বোল্ড করে ফিরিয়েছেন তাসকিন আহমেদকে (০)। শরিফুল ইসলাম এক ছক্কায় ৫ বলে করেন ৮ রান।

কুশল পেরেরার সেঞ্চুরি উদযাপন শ্রীলঙ্কার ২৮৬

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাসই ছিল না। এবারের মিশনে সেটি পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এসেছে লঙ্কানদের প্রথমবার হোয়াইটওয়াশ করার উপলক্ষ। কিন্তু সেই লক্ষ্য পূরণে কঠিন বাধা পেরোতে হবে তামিম ইকবালদের। কুশল পেরেরার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা করেছে ৬ উইকেটে ২৮৬ রান।

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে বাংলাদেশকে করতে হবে ২৮৭ রান। অর্থাৎ, চলতি সিরিজে সর্বোচ্চ রান গড়তে হবে স্বাগতিকদের। এবারের সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস প্রথম ম্যাচের ২৫৭ রান।

কুশল পেরেরা খেলেছেন ১২০ রানের অসাধারণ ইনিংস। আর সময়োপযোগী ব্যাট করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। চমৎকার ব্যাটিংয়ে অপরাজিত থাকেন ৫৫ রানে। ৭০ বলের ইনিংসটি তিনি সাজান ৪ বাউন্ডারিতে। আর অভিষিক্ত রমেশ মেন্ডিস ৬ বলে অপরাজিত ছিলেন ৮ রানে।

মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে একাদশে জায়গা পেয়ে নিজেকে চিনিয়েছেন তাসকিন আহমেদ। ৯ ওভারে ৪৬ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। তাসকিনের ছাড়া উইকেট উদযাপন করেছেন কেবল শরিফুল ইসলাম। ৮ ওভারে ৫৬ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। আগের দুই ম্যাচে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিব আল হাসানও উইকেট পাননি। ১০ ওভারে খরচ করেছেন ৪৮ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৬ (কুশল পেরেরা ১২০, ধনাঞ্জয়া ডি সিলভা ৫৫, দানুশকা গুনাথিলকা ৩৯, কুশল মেন্ডিস ২২, ভানিন্দু হাসারাঙ্গা ১৮; তাসকিন আহমেদ ৪/৪৬, শরিফুল ইসলাম ১/৫৬)।

বাংলাদেশ: ৪২.৩ ওভারে ১৮৯ (মাহমুদউল্লাহ ৫৩, মোসাদ্দেক হোসেন ৫১, মুশফিকুর রহিম ২৮, তামিম ইকবাল ১৭, আফিফ হোসেন ১৬; দুষ্মন্থ চামিরা ৫/১৬, রমেশ মেন্ডিস ২/৪০, ভানিন্দু হাসারাঙ্গা ২/৪৭)।

ফল: শ্রীলঙ্কা ৯৭ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: দুষ্মন্থ চামিরা।

সিরিজসেরা: মুশফিকুর রহিম।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম