আর মাত্র ১৩ দিন পর পর্দা উঠবে যুব বিশ্বকাপের এগারোতম আসরের। গ্রুপ পর্বে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা ছাড়াও নামিবিয়া ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। ২৭ জানুয়ারি উদ্বোধনী ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর আগে শেষ প্রস্তুতি নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
এর মধ্যে মিরাজ-শান্তরা অনুশীলন করছেন নিয়মিত ভাবেই। শনিবার মিরপুর একাডেমিতে যুব দলের অনুশীলন হয়েছে। অনুশীলন শেষে যুব দলের পরামর্শক ও সাবেক বাংলাদেশ জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
তিনি জানান এই মুহূর্তে তাদের পরিকল্পনা ভালো ক্রিকেট খেলা, শিরোপা জয় নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কাপ জয়ের চিন্তা করছে না। তারা চিন্তা করছে ভালো ক্রিকেট খেলার। সেই সঙ্গে ছেলেরা নিজেদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার পাশাপাশি ভালো টিমওয়ার্ক প্রদর্শন করবে। আমাদের দলগত সামঞ্জস্য রয়েছে। এছাড়া বিভিন্ন কৌশল আছে। সবদিক মিলিয়ে আমি বলবো সাফল্য পাওয়ার ক্ষেত্রে এটি নির্ভর করবে আসলে নির্দিষ্ট দিনে বাংলাদেশের যুবারা কেমন খেলে তার ওপর। আমার বিশ্বাস পরিকল্পনা ঠিক ভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু না। বাংলাদেশ দল উন্নতি করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা ভালো ক্রিকেট খেলবে।’
স্টুয়ার্টের দাবি, ‘আমি দলের সঙ্গে সংযুক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশ ধীরে ধীরে ভালো করছে। ছেলেরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দক্ষতা বৃদ্ধির যে কাজগুলো আমরা করেছিলাম সেটি ধীরে ধীরে ফল দিতে শুরু করছে। একজন কোচ সর্বদাই তার দলের দুর্বলতাগুলো কাটিয়ে উঠার চেষ্টা করেন। আমিও সর্বদাই দলের ও পারফরম্যান্সের উন্নতির জন্য কাজ করে যাচ্ছি।’
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ একটি ম্যাচও ভারতের বিপক্ষে জিততে পারেনি। তবে বিষয়টি নিয়ে শঙ্কিত নন যুব দলের পরামর্শক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতে কী হয়েছি সেটা নিয়ে আমি উদ্বিগ্ন নই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কী করতে পারি এখন সেটা নিয়েই ভাবছি আমরা।’
তিনি আরও যোগ করেন, ‘ম্যাচ না খেললে খেলোয়াড়দের মানসিক অবস্থা বোঝা যায় না। ক্রিকেটে মাঠ এবং মাঠের বাইরের দুটি চাপ সামলানোর ব্যাপারেই অভ্যস্ত হতে হয়। খেলোয়াড়রা যদি এই দুটি চাপ ভালোভাবে সামলে উঠে তাহলে দলের পারফরম্যান্স অনেক ভালো হওয়ার সুযোগ থাকে।’
ক্রিকেটারদের সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয় আমার খেলোয়াড়দের লক্ষ্য নির্ধারিত হয়েছে এবং তারা সেই লক্ষ্যে এগিয়ে চলছে। তবে এই তরুণ খেলোয়াড়দের ওপর যথেষ্ট চাপ রয়েছে। আশা করি তারা সেই চাপ সামলে উঠবে। আমি আমার খেলোয়াড়দের বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার কথা ভেবো না। ছোট ছোট জিনিসগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে শেখো। ছোট ছোট জিনিসগুলো ঠিক হলে মৌলিক বিষয়গুলো ঠিক থাকবে। ’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের স্পিন আক্রমণ অনেক ভালো। সেই সঙ্গে দলে বেশ ভালো মানের পেসার আছে। ব্যাটিংয়ে পাওয়ার হিটার এবং ধরে খেলার মানসিকতা সম্পন্ন ব্যাটসম্যান রয়েছে।’
/আরআই/এফআইআর/








