ইংল্যান্ড সফরটা ভুলে যেতে চাইবে লঙ্কান ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ৩-০ হার দিয়ে। এর মাঝে যুক্ত হলো করোনা-বিধি ভাঙার শাস্তি! ইংল্যান্ডে জীবানু সুরক্ষিত বলয় ভাঙায় বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে তিন লঙ্কান ক্রিকেটারকে। শাস্তি পাওয়া তিন ক্রিকেটার হলেন-নিরোশান দিকবিলা, কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা।
রবিবার রাতে এই বিধি ভাঙার কথা স্বীকার করেছেন, ওই তিন ক্রিকেটার। এমন পরিস্থিতিতে অবশ্য কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ নিয়ে কোনও শঙ্কা নেই বলে জানা গেছে।
প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, মেন্ডিস ও দিকবিলা দুজনেই একটি জায়গায় জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন। গুনাথিলাকাকে দেখা যায়নি অবশ্য। তবে তিনজনেই একই সঙ্গে বের হয়েছিলেন। বাইরে এই সময় কেউই মাস্ক পরা অবস্থায় ছিলেন না! সেগুলো ছিল হাতে। লঙ্কান ক্রিকেট বোর্ড অবশ্য বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে।









