বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সোমবার প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি। এই দলে স্পিন আক্রমণে অন্যতম ভরসার নাম সালেহ আহমেদ শাওন গাজী। সোমবার তিনি একাই ৪ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপে ছন্দপতন ঘটান। ম্যাচ সেরার পুরস্কার পেয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন যুব দলের বাঁহাতি এই স্পিনার।
উইকেটে তেমন সুবিধা ছিল না বলে জানান তিনি। তারপরও নিজের কৌশল কাজে লাগায় খুশি তরুন এই ক্রিকেটার।
এক প্রশ্নের জবাবে শাওন গাজী বলেন, ‘উইকেট ভালো ছিল না। একদমই ফ্লাট উইকেট। কোনও টার্ন ছিল না, বল সোজাই যাচ্ছিল। কিন্তু আমি যে কৌশলগুলো প্রয়োগ করেছি সেগুলো দারুণ কাজে লেগেছে। বিশ্বকাপের আগে আমার এই পারফরম্যান্স আমাকে আত্মবিশ্বাস যোগাবে। সামনে আরও দুটি ম্যাচ আছে। চেষ্টা করবো সেখানে ভালো কিছু করার।’
/আরআই/এমআর/








