প্রধান কোচ রাসেল ডমিঙ্গো একদিন আগেই জানিয়ে দিয়েছেন, একমাত্র টেস্টে তামিমের খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ। মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক জানালেন, তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
হাঁটুর চোটে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ খেলেননি তামিম। জিম্বাবুয়েতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই ওপেনার। মঙ্গলবার অনুশীলনে কেমন অনুভব করেন, সেটি দেখেই মূলত তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
এ ব্যাপারে টেস্ট অধিনায়ক মুমিনুল বলেছেন, ‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কাল (বুধবার) পর্যন্ত দেখবো। আজকে (মঙ্গলবার) অনুশীলন আছে, এরপর কালকে ম্যাচের আগপর্যন্ত দেখে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’
তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়েকে সামনে রেখে তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এত দেরি কেন? এমন প্রশ্নে মুমিনুল বলেছেন, ‘শুধু ইনজুরির কারণে অপেক্ষাটা। অন্য কিছু না। তামিম ভাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, বিশেষ করে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে তার ইনজুরিটার ব্যাপারে আমরা সময় নিয়ে দেখছি। এ কারণেই অপেক্ষা করা।’
তামিমের ব্যাপারে অপেক্ষায় থাকলেও মুশফিকের খেলার বিষয়টি ডমিঙ্গোর পাশাপাশি মুমিনুলও নিশ্চিত করেছেন। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘মুশফিক ভাই অবশ্যই খেলবেন। তিনি ইতিমধ্যে ইনজুরি থেকে সেরে উঠেছেন।’









