২৯৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ৫৮ রান নিয়ে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ দুই বোলারকে নিয়ে কোথায় থামবেন, তার ওপরই নির্ভর করছে বাংলাদেশের স্কোর কত বড় লম্বা হবে। সেক্ষেত্রে দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য কিংবা পরিকল্পনা কী হবে? বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাসওয়েল প্রিন্স নির্দিষ্ট কোনও লক্ষ্যের কথা না জানালেও তিনি তাকিয়ে মাহমুদউল্লাহর দিকে?
১৬ মাস পর টেস্ট দলে ফিরেই মাহমুদউল্লাহ দারুণ এক ইনিংস খেলেছেন। দলের বিপর্যয়ের মুহূর্তে লিটনের সঙ্গে গুরুত্বপূর্ণ ১৩৮ রানের জুটি গড়েছেন। লিটন আউট হলেও ৫৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বৃহস্পতিবার দুই পেসার তাসকিন ও এবাদতকে নিয়ে লড়াইটা তার একারই করতে হবে।
বুধবার প্রথম দিনের ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নব্য নিযুক্ত এই ব্যাটিং কোচ বলেছেন, ‘আমরা এখনও মাহমুদউল্লাহকে ক্রিজে পাচ্ছি। এখন তাসকিন ও এবাদতকে যতটা সম্ভব মাহমুদউল্লাহকে সাপোর্ট দিতে হবে। আমরা কেউই কিন্তু জানি না কত রান এখানে নিরাপদ। আমরা চাই যত বেশি রান স্কোরবোর্ডে জমা করা যায়।’
দারুণ একটি ইনিংসে খেলে দলে ভূমিকা রাখার কারণে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন এই ব্যাটিং কোচ, ‘মাহমুদউল্লাহ সত্যিই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। ইনিংসের ওই সময়টায় আমাদের অভিজ্ঞতার দরকার ছিল, সম্ভবত সে সঠিক ব্যক্তি হিসেবে অভাবটা পূরণ করেছে। লিটন ওই সময় চাপমুক্ত ইনিংস খেলছিল, মাহমুদউল্লাহ যোগ দিয়ে নিজেদের মধ্যে চাপহীন খেলার ব্যাপারে সাহায্য করেছে।’








