শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেই স্বীকৃতি পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে আসেন দুই নম্বরে। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় ছন্দময় বোলিং করছেন টেস্টেও। হারারে টেস্টে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে দ্রুত গুঁড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন। সবমিলিয়ে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন এই স্পিনিং অলরাউন্ডার।
মিরাজ ৫ উইকেট নেওয়ার মিশনের শুরুটা করেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলরকে দিয়ে। আগের দিন অপরাজিত থাকা জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান টেলর ও কাইতানো মিলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছিলেন। ডানহাতি মিরাজের বল স্লগ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন টেলর। তাতেই ১১৫ রানের জুটি ভাঙে স্বাগতিকদের। সকালের এই সাফল্য শেষ দিকেও অব্যাহত থাকে মিরাজের।
তবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ওপেনার কাইতানো। হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৮৭ রানে মিরাজের লেগ স্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে লিটনকে ক্যাচ দিয়ে বিদায় নেন অভিষিক্ত এই ক্রিকেটার।
মিরাজ তার পরের ওভারেই ডোনাল্ড তিরিপানোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। চতুর্থ উইকেটে ভিক্টর নিয়ুচি ও এরপর মুজারাবানিকে বোল্ড করে ক্যারিয়ারের অষ্টম ৫ উইকেট অর্জন করেন এই অফিস্পিনার।
মিরাজ তিন বার করে পাঁচ উইকেট নিয়েছেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর দুইবার জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে দশ উইকেটও রয়েছে তার। সবমিলিয়ে ৪৫ ইনিংসে মিরাজের উইকেট ১০৯টি। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম সময়ে শততম উইকেট তার দখলেই। মাত্র ২৪ ম্যাচে ৪৮তম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট উইকেট শিকার করেছেন মিরাজ।









