সিরিজ শুরুর আগে অফফর্মের কারণে সমালোচিত হচ্ছিলেন শিমরন হেটমায়ার। সেই হেটমায়ারের ব্যাটিং তাণ্ডবেই বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ারের সঙ্গে ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলদের অলরাউন্ড পারফরম্যান্সে রীতিমত উড়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে দ্বিতীয় ম্যাচ ৫৬ রানে জিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (২-০ তে) এগিয়ে থাকলো ক্যারিবীয়রা।
সেন্ট লুসিয়ায় হেটমায়ারের বিধ্বংসী হাফসেঞ্চুরির সঙ্গে ব্রাভো-রাসেলের কার্যকর ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে খেলতে নেমে স্মিথ-ওয়ার্নার করতে পারে মাত্র ১৪০ রান। আর তাতেই ৫৬ রানের বড় জয় পায় ক্যারিবীয়রা।
ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুতে হোঁচট খেয়েছিল স্বাগতিকরাই। ৫৯ রানে ৩ উইকেট হারানো দলকে ম্যাচে ফেরায় আসলে হেটমায়ার-ব্রাভো জুটি। দু’জন মিলে ১০৩ রানের জুটির পর দুর্ভাগ্যজনক রানআউটে কাটা পড়ে হেটমায়ারের উইকেট। ৩৬ বলে ২ চার ও ৪ ছক্কায় হেটমায়ার ৬১ রানের ইনিংস খেলে আউট হন। ব্রাভো ৩৪ বলে ৪৭ এবং রাসেল ৮ বলে ২৪ রানের ইনিংস খেললে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৬ রান।
অস্ট্রেলিয়ার কোন বোলার খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি। অ্যাগার, হেইজেলউড ও মার্শ একটি করে উইকেট নিয়েছেন।
১৯৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে কটরেল ও ওয়ালশের বোলিং তোপে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করা মিচেল মার্শ কেবল একটু লড়াই করতে পেরেছেন। তিনি ৪২ বলে ৫৪ রান করে আউট হন। দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল জশ ফিলিপ (১৩) ও ময়জেস হেনরিকস (১৯)। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ বল হাতে রেখেই অলআউট হয় অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে হেইডেন ওয়ালশ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া কটরেল নেন দুটি উইকেট।









