টেস্ট ক্রিকেট বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কম সমালোচনা শুনতে হয় না। সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডেতে দুর্দান্ত এক দল হলেও লাল বলের ক্রিকেটে সেই তারাই অন্য রূপের! দীর্ঘ দিন জয়হীন থাকা টেস্টে এবার স্বস্তির হওয়া বইছে। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
আর এই পথের অন্যতম রূপকার তাসকিন আহমেদ। বল হাতে আগুন ঝরাচ্ছেন রীতিমতো। লাঞ্চের আগে জোড়া আঘাতের পর দ্বিতীয় সেশনে পেয়েছেন আরেকটি উইকেট। সব মিলিয়ে জিম্বাবুয়ের হারানো ৮ উইকেটের ৪টিই তার। স্বাগতিকদের অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরা ভিক্তর নিয়াউচিকে ক্যাচ বানিয়েছেন তিনি সাকিব আল হাসানের হাতে। ঠাণ্ডা মাথায় টিকে থাকায় লড়াই করা জিম্বাবুইয়েন ব্যাটসম্যান ৫৪ বলে করেন ১০ রান।
তার বিদায়ে জিম্বাবুয়ে হারিয়েছে অষ্টম উইকেট। দ্বিতীয় ইনিংসে ৭৯ ওভারে স্বাগতিকদের স্কোর ছিল ৮ উইকেটে ২১৭। বাংলাদেশ তাদের দিয়েছে ৪৭৭ রানের কঠিন লক্ষ্য।
উজ্জ্বল হচ্ছে জয়ের পথ
জোড়ায় জোড়ায় সাফল্য! প্র্রথমে মেহেদী হাসান মিরাজ হানলেন জোড়া আঘাত। তাসকিন আহমেদই বা কম কীসে! এই পেসারও জোড়া আঘাত বসালেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে। ফলে ৩ ওভারের মধ্যে জিম্বাবুয়ের নেই ৪ উইকেট। বোলারদের এই দুর্দান্ত পারফরম্যান্সের জয়ের পথ উজ্জ্বল হচ্ছে বাংলাদেশের।
হারারের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। কঠিন লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনের লাঞ্চের আগেই ৭ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। ৬২ ওভারে স্কোরে জমা করতে পেরেছে ১৬৯ রান। অলৌকিক কিছু না হলে এই অবস্থান থেকে জিম্বাবুয়ের ম্যাচ বাঁচানো কঠিন।
মিরাজের উইকেট উৎসব
উইকেট উৎসবে মেতেছেন মেহেদী হাসান মিরাজ। হারারে টেস্টের পঞ্চম দিনে প্রথম সাফল্য তার হাত ধরেই। দুই বল বিরতি দিয়ে আবারও আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন এই স্পিনার। তার উইকেট উৎসবে জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হচ্ছে বাংলাদেশের।
পঞ্চম দিনের শুরুতে উইকেট নিতে কিছুটা অপেক্ষায় থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে মিরাজ-জাদুতে ভাঙে জিম্বাবুয়ের প্রতিরোধ। ডানহাতি স্পিনার ডিয়োন মায়ার্সকে ফিরিয়ে এনে দেন দিনের প্রথম সাফল্য। তার পানি পানের বিরতির পর প্রথম বলেই সাদমান ইসলামের হাতে ক্যাচ বানান মায়ার্সকে। ফেরার আগে জিম্বাবুইয়েন ব্যাটম্যান ৮৮ বলে করেন ২৬ রান।
এখানেই থামেননি মিরাজ। দুই বল পর আবারও মাতেন উইকেট উদযাপনে। ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান টিমাইসেন মারুমাকে এলবিডাব্লিউ করে খালি হাতে ফেরান প্যাভিলিয়নে।
দ্রুত ২ উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ে আরও বিপদে পড়ে তাসিকন আহমেদের ছোবলে। এই পেসারের বলে রানের খাতা খোলার আগেই ফিরে যান রয় কাইয়া। তাতে স্বাগতিকরা হারায় ষষ্ঠ উইকেট।
বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ১৬০ রান। স্বাগতিকদের জয়ের লক্ষ্য ৪৭৭ রান।









