‘জায়ান্ট কিলার’ তকমাটা কেন সেঁটে দেওয়া হয়েছে তার প্রমাণ আবারও দিলো আইরিশরা। দ্বিতীয় ওয়ানডেতে তারা ৪৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে আবার ওয়ানডে সুপার লিগে দশটি পয়েন্টও অর্জন করেছে তারা। শুধু কি তাই, তাতে মোট ৩৫ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড উঠে গেছে পঞ্চম স্থানে!
গত বছর ইংল্যান্ডকে হারের তিক্ত স্বাদ দেওয়ার পর আইরিশদের এই বছরের শুরুটা হয়েছিল নেদারল্যান্ডসের কাছে সিরিজ হেরে। কিন্তু ২০২৩ বিশ্বকাপের আগে প্রোটিয়াদের হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে- দলটি অভিষ্ট লক্ষ্যে সঠিক পথেই রয়েছে।
সুপার লিগ টেবিলে ১১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে আয়ারল্যান্ড। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ঠিক তাদের ওপরেই রয়েছে পাকিস্তান। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড শীর্ষে। ৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দুইয়ে ও ৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে অস্ট্রেলিয়া।
ডাবলিনে নিজেদের মাঠে টস হেরেও শুরুতে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। হেরি টেক্টরের ৬৮ বলের ৭৯ রানের ঝড়ও কাজে দেয় শেষ দিকে। সঙ্গী ছিলেন জর্জ ডকরেল। ২৩ বলে ৪৫ রান করেন এই অলরাউন্ডার। তাদের অবদানে প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে আয়ারল্যান্ড। অবশ্য এই রেকর্ডের জন্য দায়টা প্রোটিয়া ফিল্ডারদেরই। মিস করেছে ৪টি ক্যাচ! সেঞ্চুরিয়ান বালবার্নির ক্যাচও মিস হয়েছে যখন তিনি ৭৪ রানে ব্যাট করছিলেন।
জবাবে ওপেনার জানেমান মালানের ৮৪ রান ও রাসি ভ্যান ডার ডাসেনের ৪৯ রানও রক্ষা করতে পারেনি প্রোটিয়াদের। তারা সব কটি উইকেট হারিয়ে ৪৮.৩ ওভারে করতে পারে ২৪৭ রান। আইরিশদের হয়ে দুটি করে উইকেট নেন মার্ক অ্যাডেয়ার, জশ লিটল ও অ্যান্ডি ম্যাব্রিন। এখন প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক আয়ারল্যান্ড। ফলে শুক্রবারের শেষ ম্যাচটি হয়ে থাকলো সিরিজ নির্ধারণী।








