১৫ বছর আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পরফরমারদের অ্যাওয়ার্ড দেওয়ার রীতি চালু করতে পারেনি। আজ (বৃহস্পতিবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তাদের পরিকল্পনায় আছে অ্যাওয়ার্ড নাইট আয়োজন।
বৃহস্পতিবার শেখ কামালের ৭২তম জন্মদিনে সাত ক্যাটাগরিতে ১০ ক্রীড়া ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
বিসিবি সেরা ফেডারেশন/সংস্থা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বিসিবি সভাপতি পাপন এ পুরস্কার গ্রহণ করেন। সেখানেই উঠেছিল অ্যাওয়ার্ড নাইট চালুর বিষয়টি। বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবির এরকম আয়োজন না করার কোনও কারণই নেই। আগেও করতে পারতাম। চাইলে এখনও করতে পারি। আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে। তবে আজকের এই পুরস্কারের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। আমরা যারা ক্রীড়াঙ্গনে আছি, তাদের জন্য এটা অনেক বড় অর্জন।’
সেরা ফেডারেশন/সংস্থার পুরস্কারকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে দেখছেন বিসিবি প্রধান। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের দেশে কিন্তু অনেক পুরস্কার আছে। অনেক বড় বড় পুরস্কার সেগুলো। স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ অনেক পুরস্কার আছে। কিন্তু আমার কাছে মনে হয়, শহীদ শেখ কামাল জাতীয় পুরস্কার, এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। এটা ক্রিকেট এবং খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার।’









