আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। হারের বৃত্তে থাকা দলটি বাংলাদেশের বিপক্ষে ক্ষুদ্রতম ফরম্যাটের এই ক্রিকেটে জয় তুলে নিতে চায়।
বুধবার সকালে জিম্বাবুয়ে দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হোয়াটমোর। তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি জেতার জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও ১০টি ম্যাচ আছে। এর মধ্যে আমরা আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করবো।’
টাইগারদের সাবেক এই কোচ আরও বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। তবে টি-টোয়েন্টিতে তাদের আরও উন্নতি করতে হবে। প্রতিপক্ষ নিয়ে এর বেশি কিছু বলতে চাই না।’
আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজে হারের প্রসঙ্গে হোয়াটমোর বলেন, ‘সেখানে আমরা ভালো খেলেও হেরে গেছি। ফলে ইতিবাচক অনেক কিছু আছে।’ দলের বোলিং বিভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় জিম্বাবুয়ে কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পানিয়াঙ্গারাকে ছাড়া আমাদের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল। আমরা এখানে ভালো একটি কম্বিনেশন দাঁড় করানোর পরিকল্পনা নিয়ে এসেছি। ৪ ম্যাচের এই সিরিজ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু পেতে চাই।’
/এমআর/








