টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এমন সাফল্যের পেছনের কারণ জানতে উদগ্রীব সকলে। অধিনায়ক মাহমুদউল্লাহও নিরাশ করলেন না। সাফল্যের রহস্য উন্মোচন করলেন তৃতীয় টি-টোয়েন্টির পর।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান এখন দশ নম্বরে। আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের পরেই তাদের স্থান। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থান ৫ নম্বরে। অথচ দশ নম্বরে থেকেও টানা তিন ম্যাচে অজিদের বিপক্ষে দাপটের সঙ্গে জিতেছে মাহমুদউল্লাহ বাহিনী। জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক বলেছেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষে আমরা আলাপ করেছিলাম, আমাদের এই ফরম্যাটে এগিয়ে যেতে হবে। আমার প্রত্যেকে মনে করি আমরা ভালো একটি দল, যদিও র্যাঙ্কিং আমাদের পক্ষে কথা বলে না। তারপরও মনে করি আমরা এই ফরম্যাটে ভারসাম্যপূর্ণ একটি দল। আমাদের শুধু প্রয়োজন হৃদয় দিয়ে খেলার পাশাপাশি পরিকল্পনাগুলো যথাযথ বাস্তবায়ন করা।’
আগের দুই ম্যাচের মতো শুক্রবারও দাপটের সঙ্গে অস্ট্রেলিয়াকে হারিয়েছে স্বাগতিকরা। ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মোস্তাফিজের বোলিংয়ের সামনে খেই হারিয়েছেন অজি ব্যাটসম্যানরা। ৪ ওভারে মোস্তাফিজ রান দিয়েছেন মাত্র ৯! তাই ম্যাচ শেষে মোস্তাফিজের বোলিংয়েরও প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ,‘আমাদের বোলারারও দারুণ বোলিং করেছে। প্রচুর কাটার ও স্লোয়ার বল হয়েছে। আমরা মাঠে নামার পর সাকিব ছেলেদের সঙ্গে অনেক কথা বলেছে। সবাইকে সে বলেছে, যাই ঘটুক না কেন আমাদের দ্রুত উইকেট ফেলতে হবে এবং চাপ বাড়াতে হবে। মোস্তাফিজ আজও দারুণ একটি দিন কাটিয়েছে। এক কথায় অসাধারণ।’
মাহমুদউল্লাহ আরও যোগ করে বলেছেন, ‘আজকে ছেলেরা গুরুত্বপূর্ণ সময়ে ঘুরে দাঁড়িয়েছিল। রাতে (শুক্রবার) ওরা যেভাবে লড়াই করেছে, সেটি এক কথায় অবিশ্বাস্য ছিল। আমি এবং সাকিব যখন ব্যাটিং করছিলাম, আমাদের মনে হয়েছে এটি ১৫০ রানের উইকেট ছিল না। আমরা ভেবেছি আমাদের ১৬/১৭ ওভার পর্যন্ত থাকতে হবে। কেননা নতুন ব্যাটসম্যানদের জন্য এখানে রান করা কঠিন ছিল। তারা (অস্ট্রেলিয়া) খুব ভালো বোলিং করেছে।’









