লর্ডসে প্রথম দিন দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোরের সম্ভাবনা তৈরি করেছিল ভারত। দ্বিতীয় দিন দেখা গেলো ভিন্ন চিত্র। মাত্র ৮৮ রানেই বাকি ৭ উইকেট হারিয়ে ভারত প্রথম ইনিংসে করতে পারলো ৩৬৪ রান! জবাবে ইংল্যান্ড দলের যে অবস্থা, তাতে দ্বিতীয় দিন শেষে ভারসাম্যপূর্ণ অবস্থাতেই আছে দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে করতে পেরেছে ১১৯ রান। স্বাগতিকরা পিছিয়ে আছে ২৪৫ রানে।
দ্বিতীয় দিন লোকেশ রাহুল ফিরে যান শুরুতেই। আগের দিনের স্কোরের সঙ্গে আর দুই রান যোগ করে রবিনসনের বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ১২৯ রানে। দ্রুত রাহানেও ফিরে গেলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কেবল ঋষভ পান্ত (৩৭) ও রবীন্দ্র জাদেজা (৪০)। দুজনের প্রতিরোধ ভাঙা গেলে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৬৪ রানে।
৬২ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন পেসার জেমস অ্যান্ডারসন। দুটি করে নিয়েছেন ওলি রবিনসন ও মার্ক উড।
জবাবে ইংলিশদের শুরুতেই কাঁপিয়ে দিয়েছিলেন পেসার মোহাম্মদ সিরাজ। ১৫তম ওভারে পর পর ফেরান ডম সিবলে ও হাসিব হামিদকে। এদের মাঝে হামিদ টেস্ট খেলতে নেমেছিলেন ৫ বছর পর। কিন্তু তার প্রত্যাবর্তনটা মোটেও স্বস্তিদায়ক হলো না। বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন গোল্ডেন ডাকে! এর পরই তৃতীয় উইকেটে মূল প্রতিরোধটা গড়েন রোরি বার্নস ও জো রুট। ৮৪ রান তুলে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন দু’জন। স্বাগতিকরা দিনটা হয়তো আরও স্বস্তি দিয়েই মাঠ ছাড়তো, যদি না খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে সাজঘরে ফিরতেন বার্নস। ৪৯ রানে শামির বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান তিনি। অধিনায়ক রুট অবশ্য এক প্রান্ত আগলে ৪৮ রানে ব্যাট করছেন। সঙ্গে রয়েছেন জনি বেয়ারস্টো। ব্যাট করছেন ৬ রানে।









