আলোর স্বল্পতায় ৮ ওভার আগেই চতুর্থ দিনের খেলা শেষ হয়। চতুর্থ দিন শেষে সফরকারী ভারত ১৫৪ রানে এগিয়ে। ম্যাচের বাকি একদিন, এই অবস্থায় লর্ডসে ভারত কিছুটা এগিয়ে থাকলেও টেস্টের ফল বের করে আনা বেশ কঠিনই! তবে সোমবার শেষ দিনে ইংলিশ ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের তোপের মুখে না পড়লে, লর্ডস টেস্টের ভাগ্যে নিষ্প্রাণ ড্র অপেক্ষা করছে।
সোমবার ২৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ভারত। দিন শেষে ৮২ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮১ রান। ফলে ১৫৪ রানের লিড পেয়েছে সফরকারীরা। ইংলিশ দুই বোলার মার্ক উড ও মঈন আলীর তোপে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে আজিঙ্কা রাহানের ব্যাট থেকে। ১৪৬ বলে ৫ চারে রাহানে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। এছাড়া চেতেশ্বর পূজারা ৪৫ ও বিরাট কোহলির ব্যাট থেকে আসে ২০ রানের ইনিংস।
ইংলিশ পেসার মার্ক উড ৪০ রানে তিনটি উইকেট নেন। এছাড়া মঈন আলী নেন দুটি উইকেট।
প্রথম ইনিংসে ভারতের করা ৩৬৪ রানের বিপরীতে ইংল্যান্ড করেছে ৩৯১ রান। ১৮০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক জো রুট। ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮১ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা।









