টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে বাংলাদেশ ১২ টেস্ট খেলার সুযোগ পাবে। অথচ একই সময়ে ইংল্যান্ড ২১ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণে সুযোগ খুব বেশি পাচ্ছে না বাংলাদেশ। যদিও টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম মনে করেন, আগামী চ্যাম্পিয়নশিপে ভালো খেলতে পারলে পরেরবার টেস্ট সংখ্যা বাড়বে। আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন তরুণ এই ব্যাটসম্যান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছে বাংলাদেশ। করোনার কারণে বেশ কিছু সিরিজ বাতিল হয়েছে। প্রথম আসরে ৭ টেস্ট খেলে প্রাপ্তি ছিল একটি ড্র ম্যাচ থেকে মাত্র ২০ পয়েন্ট। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। অন্যদিকে বিদেশ সফরের তিন সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
নভেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা হবে পাকিস্তানকে দিয়ে। এবার ভালো করতে মুখিয়ে সাদমান, ‘আগে হয়তো আমরা এত বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম না। তবে সাম্প্রতিক সময়ে আমাদের অনেক টেস্ট ছিল, সামনে অনেক টেস্ট আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। আমার মনে হয় না যে কম টেস্ট আছে। যদি নিজেদের আরও বেশি প্রস্তুত করতে পারি, ভালো পারফর্ম করতে পারি, তাহলে আরও বেশি টেস্ট হয়তো আসবে। আমাদের আরও বেশি সুযোগ করে দেবে।’
সাদমান আরও যোগ করেছেন, ‘হয়তো আমাদের শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ভালো হয়নি। তবে এবার সবাই পারফর্ম করছে, ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি, এবার ভালো হবে ইনশাআল্লাহ।’
টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার সাদমান। ভবিষ্যতে সব ফরম্যাটেই খেলতে চান। সেজন্য নিজের ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করছেন এই ওপেনার, ‘সব ফরম্যাটে খেলার ইচ্ছা তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার, কীভাবে নিজেকে ওপরের দিকে নেওয়া যায়, এটা নিয়েই কাজ করছি। আশা করি, ভালো পারফর্ম করলে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো।’
টেস্ট দলের ক্রিকেটাররা আগামী সপ্তাহ থেকে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে দুই ফরম্যাটের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেবে। এই কারণে মিরপুরের সবুজ গালিচায় নিজেকে প্রস্তুত করছেন সাদমান, ‘আমাদের কিছু ম্যাচ আছে এইচপির সঙ্গে। আশা করি, ম্যাচগুলো কাজে দেবে প্রস্তুতির ক্ষেত্রে। তারপরও আমাদের জাতীয় লিগ বা সিরিজ আছে। তো সেসবের জন্য নিজেকে প্রস্তুত করা যাবে এখানে।’









