খুশির খবর পেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৮ বছর পর নিউজিল্যান্ড দলের পাকিস্তানে ফেরার সুখবরই শুধু ছিল না, একই সঙ্গে পিসিবির দেওয়া দুই টি-টোয়েন্টি বাড়ানোর প্রস্তাবও মেনে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই আনন্দ বিষাদে রূপ নিতে পারে! আফগানিস্তান তালেবানের দখলে চলে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে এই সফর নিয়ে। নিউজিল্যান্ড দলের বেশ কয়েকজন খেলোয়াড় প্রশ্ন তুলেছেন পাকিস্তান সফর নিয়ে।
নিরাপত্তা প্রশ্নে লম্বা সময় পাকিস্তানে খেলতে যায়নি কিউইরা। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ছিল না পাকিস্তানে। তারও আগে থেকে পাকিস্তানে খেলেনি নিউজিল্যান্ড। এবার অবশ্য সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। কিন্তু ওই নিরাপত্তা শঙ্কার বিষয়টি আবার সামনে এসেছে। আফগানিস্তানে তালেবানদের প্রভাবে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস বলেছেন, ‘(পাকিস্তান সফরের) প্রক্রিয়া যেভাবে এগোচ্ছিল, আমরা বেশ নিশ্চিন্ত ছিলাম। তবে গত কয়েকদিন ধরে আফগানিস্তানে যা চলছে, তাতে করে অন্য ভাবনা এসেছে। ওই দেশটাতে যা ঘটছে, সত্যি বেদনার। স্বাভাবিকভাবেই এখন (পাকিস্তানের) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসছে জনমনে।’
সঙ্গে যোগ করেছেন, ‘প্রশ্নটা আসলে এসেই গেছে। যার মধ্যে রয়েছে খেলোয়াড়রাও, আর এটা আসাটা মোটেও অস্বাভাবিক নয়। সফরের জন্য চলমান প্রক্রিয়া তাদের পরিষ্কারভাবে জানানো দরকার, এটার ওপর নজর রাখা এবং সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন।’
২৪ অক্টোবর নিউজিল্যান্ড দল আসছে বাংলাদেশে। স্বাগতিকদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে করেই পাকিস্তানে যাওয়ার কথা ছিল কিউইদের। তবে নিরাপত্তা প্রশ্নে পরিকল্পনা পাল্টে যেতে পারে। অবশ্য পুরো বিষয়টাই নির্ভর করছে নিউজিল্যান্ডের নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসনের প্রতিবেদনের পর।
মিলসের ভাষায়, ‘প্রতিবেদন পেতে চার-পাঁচ দিন সময় লাগবে। তার প্রতিবেদন পাওয়ার পর এবং সেখানে যেটাই বলা হোক না কেন। (পাকিস্তান) সফর কী প্রক্রিয়ায় এগোবে কিংবা না হলে কারণ কী, যাই থাকুক... যদি কোনও পরিবর্তন থাকে, তাহলে পরিকল্পনাটা কী হবে, সব জানা যাবে।’
২০০২ সালে করাচিতে বোমা হামলায় সিরিজ শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল নিউজিল্যান্ড দলকে। তবে পরের বছর পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল তারা। এরপর আর খেলতে যায়নি সেখানে। দীর্ঘ ১৮ বছর পর এবারের সফরে রাওয়ালপিন্ডিতে তিন ওয়ানডে ও লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা কিউইদের।









