অবশেষে স্বস্তিদায়ক খবরই পাওয়া গেলো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। সরিয়ে নেওয়া হয়েছে তার লাইফ সাপোর্ট। শুক্রবার এমন তথ্য জানিয়েছে তার আইনজীবী। সিডনিতে জরুরিভিত্তিতে সার্জারি করানোর পর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন সাবেক কিউই তারকা।
কেয়ার্নসের আইনজীবী অ্যারন ফ্লয়েড বলেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ক্রিসের লাইফ সাপোর্ট সরানো হয়েছে। এখন সিডনির হাসপাতালে পরিবারের সঙ্গে সে কথাও বলতে পারছে।’
হৃদপিন্ডের জটিলতায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ক্রিকেট ভক্তরা। এমন ভালোবাসা ও তার প্রতি শুভকামনায় কৃতজ্ঞতার কথা জানিয়েছেন কেয়ার্নসের আইনজীবী, ‘কেয়ার্নস ও তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞ, যারা ভালোবাসা ও শুভমকানা জানিয়েছেন।’ পাশাপাশি গোপনীয়তা রক্ষার দিকেও অনুরোধ জানানো হয়েছে। যাতে করে কেয়ার্নসের চিকিৎসা সঠিকভাবে এগিয়ে চলে।
গুরুতর শারীরিক অবস্থায় ক্যানবেরার একটি হাসপাতালে এই মাসেই ভর্তি হতে হয় কেয়ার্নসকে। ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের অবস্থা গুরুতর ছিল। কয়েক দফা সার্জারির পরেও সাড়া দিচ্ছিল না তার শরীর। এর পরেই আরেকটি সার্জারির জন্য তাকে স্থানান্তর করা হয় সিডনির একটি হাসপাতালে।
প্রসঙ্গত, কিউই কিংবদন্তি ল্যান্স কেয়ার্নসের ছেলে ক্রিস কেয়ার্নস তার সময়ের সেরা অলরাউন্ডারদের একজন। নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্টের পাশাপাশি ২১৫টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলেছেন। বেশ কয়েক বছর ধরে স্ত্রী সন্তানসহ অস্ট্রেলিয়াতেই বসবাস করছিলেন।









