নাথান এলিসের কথা মনে আছে? বাংলাদেশের বিপক্ষে অনন্য এক কীর্তি গড়েছেন। তার কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অভিষেক-হ্যাটট্রিক দেখেছে বিশ্ব। এমন পারফরম্যান্সের পর আসন্ন আইপিএলেও কপাল খুলে গেছে অজি তারকার।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল শুরু হতে বাকি আর এক মাস। এই সময়ে ফ্র্যাঞ্চাইজিগুলো স্কোয়াড চূড়ান্তকরণের দিকে মনোযোগ দিচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক খবরে বলা হচ্ছে, এলিসকে নিতে উঠেপড়ে লেগেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। সেই তিনটির একটির সঙ্গে নাকি চুক্তিও করে ফেলেছেন বৃহস্পতিবার! যদিও তার নাম প্রকাশ করেনি তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া শিগগিরই নাকি বিষয়টি চূড়ান্ত করে ঘোষণা করবে।
অথচ জানুয়ারির নিলামের সময় অজি পেসারকে কেউই কিনতে আগ্রহ দেখায়নি। অবিক্রীত থেকেছেন। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তার দুর্দান্ত বোলিং দেখেই এখন আগ্রহ দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একই পারফরম্যান্সে অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রিজার্ভ লিস্টেও স্থান পেয়েছেন। এখন আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে পারলে, বিশ্বকাপের মূল দলেও সুযোগ পেতে পারেন ডানহাতি পেসার।









