বৃষ্টিতে ভেসে গেলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। নিয়মিত বিরতির বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে কোনও খেলাই সম্ভব হয়নি এদিন।
শুরুর বৃষ্টিতে বিলম্বিত হচ্ছিল খেলা। এক পর্যায়ে দ্রুত লাঞ্চটাও ঘোষণা করে দিতে হয় আম্পায়ারদের। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকাল ৪টা ৫ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত করতে বাধ্য হন আম্পায়াররা। এর ফলে প্রথম দিন খেলা যেখানে শেষ হয়েছে, সেখানেই থমকে আছে জ্যামাইকা টেস্ট। এর ফলে তৃতীয় দিন খেলা শুরু হবে আধা ঘণ্টা আগে। ওভারও বেড়ে যাবে তাতে। খেলা হবে ৯৮ ওভার।
প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২১২ রানে দিন শেষ করে পাকিস্তান। বাজেভাবে শুরু করা পাকিস্তান শেষ পর্যন্ত প্রতিরোধ গড়তে পেরেছে বাবর আজম ও ফাওয়াদ আলমের দৃঢ়তায়। বাবর ৭৫ রানে সাজঘরে ফিরেছেন। আর ৭৬ রানে রিটায়ার্ড হার্ট হন ফাওয়াদ। ক্রিজে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান (২২) ও ফাহিম আশরাফ (২৩)।









