জ্যামাইকায় বৃষ্টির বাগড়ার পরেও টেস্ট সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছে পাকিস্তান। ফাওয়াদ আলমের পঞ্চম টেস্ট সেঞ্চুরি ও নতুন বলে শাহীন আফ্রিদির গতি ঝড়ে তৃতীয় দিন শেষে দ্বিতীয় এই টেস্টের নিয়ন্ত্রণে এখন পাকিস্তান।
স্যাবিনা পার্কে বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। তৃতীয় দিনেও আধিপত্য ছিল বৃষ্টির। ভেজা আউট ফিল্ডের কারণে খেলা গড়িয়েছে দুপুরে। খেলা গড়ালে দ্রুত ফিরে যান ফাহিম আশরাফ। তখন ক্রিজে নামেন আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া ফাওয়াদ আলম। তীব্র গরম ও ক্র্যাম্পের কারণে ৭৬ রানে ফিরে গিয়েছিলেন। এদিন মাঠে নামার পর পাকিস্তানের পুরো ইনিংসই এগিয়েছে তার ব্যাটে ভর করে। তুলে নেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এটি আবার ১২ ইনিংসে চতুর্থ। ফাওয়াদ ১২৪ রানে অপরাজিত থাকতেই ৯ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামলে নতুন বলে গতির ঝড় তুলেন পেসার শাহীন আফ্রিদি। ৯ রানে বিদায় দেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (৪) ও কিয়েরন পাওয়েলকে (৫)। এনক্রুমাহ বনার ও রোস্টন চেজ মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেও সফল হননি। চেজকে (১০) বোল্ড করেন ফাহিম আশরাফ। ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ৩৯ রানে দিন শেষ করেছে। ক্রিজে আছেন বনার (১৮) ও আলজারি জোসেফ (০)। ওয়েস্ট ইন্ডিজ এখনও পিছিয়ে ২৬৩ রানে।









