বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) অর্জনের কথা বললেও নিজেদের ব্যর্থতার কথাও বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
২০০০ সালের অক্টোবরে কক্সবাজারে অনুষ্ঠিত এজিএমে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের তাগিদ দেওয়া হলেও গত ২১ বছরে এর কোন অগ্রগতি নেই। এমনকি গত নির্বাচনের আগেও আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন নিয়ে কথা উঠেছিল। গত চার বছরে ঢাকা ও চট্টগ্রামের দুটি বিভাগে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন হলেও পুরো দেশে সেটি সম্ভব হয়নি। সব জায়গায় আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করতে না পারায় সমালোচিত হয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বোর্ড সভাপতি বলেছেন, ‘আমাদের ব্যর্থতা হিসেব করলে এটি একটি। আমরা পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরু করেছি। আমরা পুরোপুরি তা গঠন করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। তবে আমরা বিভিন্ন জেলায় এ কার্যক্রম শুরু করবো।’
২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ দল ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে প্রথমবার। দল চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের নিয়ে বিসিবি বিস্তর পরিকল্পনা করেছিল। কিন্তু করোনার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপ রয়েছে বোর্ড সভাপতির, ‘যুবচ্যাম্পিয়নদের যে ট্রনিং সুবিধা দেওয়ার কথা, সেটা আমরা করতে পারিনি। করোনার কারণে আমরা আসলে কোন পরিকল্পনাই ঠিক মতো বাস্তবায়ন করতে পারিনি। এটা অবশ্যই আমাদের ব্যর্থতা।’
দীর্ঘদিন ধরে বিদেশি কোচ নেই নারী দলের। কোচবিহীন চলেছে সালমাদের প্রস্তুতি। করোনার কারণে তাদের কোচ নিয়োগ করতে না পারাকেও ব্যর্থতা হিসেবে দেখেন নাজমুল হাসান, ‘নারী দলের এখন কোন বিদেশি কোচই নেই, এটা ব্যর্থতা। কোভিড আমাদের নেতিবাচক প্রভাব ফেলেছে।’
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে খেলবে আকবর আলীদের উত্তরসূরীরা। কিন্তু করোনার কারণে যথাযথ প্রস্তুতি নিতে পারেনি অনূর্ধ্ব-১৯ দল। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার দল কী ফল করে সেই চিন্তায় রয়েছে বিসিবি। বোর্ড প্রধান বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের জন্য কিছুই করতে পারিনি। আগেরবার দেশের বাইরে ৩০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল আকবররা। কিন্তু এবার কোন ম্যাচই খেলতে পারেনি। এটা আমাদের জন্য হতাশার।’









