বাংলাদেশ সফরে এসে কূল-কিনারা পায়নি অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল সফরকারীরা। একই কন্ডিশনে আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দলটির ভারপ্রাপ্ত কোচ গ্লেন পকনল জানালেন, তারা সেরা প্রস্তুতি নিয়েই এসেছেন।
বাংলাদেশ সফরে আসার আগে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের মতো কন্ডিশন তৈরি করে ক্যাম্প করেছে কিউইরা। ওই প্রস্তুতিই আত্মবিশ্বাস জোগাচ্ছে নিউজিল্যান্ড কোচকে। আজ (শনিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেছেন পকনল। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সম্ভাবনা কতটা, এমন প্রশ্নে কিউই কোচ বলেছেন, ‘সময় হলে জানা যাবে! তবে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। নিউজিল্যান্ডে আমরা একাধিক ক্যাম্প করেছি এখানকার মতো কন্ডিশন তৈরি করে।’
সঙ্গে যোগ করেছেন, ‘ওভালে আমরা দুই দিনের অনুশীলন করেছি। ওটা আমাদের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে। বাকি কয়েকটা দিনে আমাদের সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে হবে। আমরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছি। বাংলাদেশের সঙ্গে ভালো করতে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ধীরগতির পিচে খেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও এমন কিছুই হচ্ছে। যদিও নিউজিল্যান্ডের কোচের আশা স্পোর্টিং উইকেটের, ‘এই ধরনের পিচে খেলা খুব কঠিন। যদিও আমাদের ধারণা আছে এই পিচ সম্পর্কে। সম্ভবত অস্ট্রেলিয়া সিরিজের মতো এই সিরিজেও একই ধরনের উইকেট হচ্ছে। আমাদের যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তবে উইকেটে গতি ও বাউন্স একটু বেশি থাকলে আমরা খুশি হবো।’








