যেন ওয়াকার প্রতিচ্ছবি দেখা গেল গাবায়। ওয়াকার মতো গাবায়ও সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও স্কোরবোর্ডে তিন শতাধিক রান তুলে বোলারদের ব্যর্থতায় হারলো ভারত। শুক্রবার ব্রিসবেনে দ্বিতীয় ওয়ান ডে-তে সাত উইকেটে হারলো টিম ধোনি। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। খেলতে নেমে শুরুটা ভালো ছিল না ভারতের। মাত্র ৯ রানেই উইকেট হারায় ভারত। বিদায় নেন শিখর ধাওয়ান। তবে দ্বিতীয় উইকেটে ফের জুটি গড়েন রোহিত-কোহলি।
কোহলি ৫৯ রানে রান আউট হয়ে ফিরে গেলে ভাঙে ১২৫ রানের এই জুটি। এরপর রাহানের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন রোহিত শর্মা। এই জুটি গড়ে দেয় বিশাল রানের ভিত। যদিও দলীয় ২৫৫ রানে শর্মা ফিরে গেলে ভাঙে এই জুটি। রান আউট হয়ে ফেরার আগে ১২৭ বলে ১২৪ রান করেন রোহিম শর্মা। যেখানে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা।
দলকে ৩০০-রানের কাছাকাছি নিয়ে যাওয়ার পর বিদায় নেন দ্বিতীয় সর্বোচ্চ ইংনিংস খেলা রাহানে (৮৯)। তার ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছক্কা। এর আগে অবশ্য অধিনায়ক ধোনি মাত্র ১১ রান করে বিদায় নেন। শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ৩০৮ রানে থামে সফরকারীরা। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন জেমস ফকনার।
৩০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে দাপটের সঙ্গে এগিয়ে যায় অসিরা। দুই ওপেনার ১৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। ২৪.৫ ওভারে অ্যারন ফিঞ্চ (৭১) আউট হলে ভাঙে এ জুটি। দলীয় ১৬৬ রানে আউট হন শন মার্শ (৭১)। দলীয় ২৪৪ রানে ব্যক্তিগত ৪৬ রান তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। বাকি সময় নিরাপদে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জর্জ বেইলি (৭৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (২৬)। এক ওভার ও ৭ উইকেট হারে রেখে ম্যাচ জিতে নেয় অসিরা।
/এমআর/








