একদিন আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। পর দিনই মিললো চমকপ্রদ খবর। নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। তবে সেখানে খেলতে যাবেন কিনা, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। তামিমের বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওয়ানডে অধিনায়ককে ইপিএলে খেলার প্রস্তাব দিয়েছে ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্স। কিন্তু বর্তমানে হাঁটুর চোটে এমনিতেই মাঠের বাইরে রয়েছেন তিনি। পুনর্বাসন শেষে সুস্থ হতে হতে চলতি মাস প্রায় লেগে যাবে। সে হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে গেলে ইপিএল খেলার জোড় সম্ভাবনা রয়েছে। কেননা ইনজুরির কারণে তামিম সর্বশেষ ১৩টি টি-টোয়েন্টি খেলতে পারেননি। প্রস্তুতির ঘাটতি, ইনজুরি ও বাস্তব পরিস্থিতি মিলিয়েই তামিম বিশ্বকাপ দল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তাই নিজেকে ফিরে পাওয়ার মিশনে এই টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা প্রকট!
৬ দলের অংশগ্রহণে ইপিএলের চতুর্থ আসর শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টে বিশ্বের অনেক নামি দামি ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার লিয়াম প্লাঙ্কেট, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, কেসরিক উইলিয়ামস, কোরে অ্যান্ডারসনের মতো তারকা ক্রিকেটাররা এই লিগ খেলছেন।









