জয় দিয়েই নতুন বছর শুরু করলো বাংলাদেশ। শুক্রবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
খেলার ১৬.৫ ওভারে ১৩৭ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটলেও সপ্তম উইকেটে সাকিব আল হাসান ও অভিষিক্ত নুরুল হাসান সোহানের ১১ বলে ২৯ রানের জুটিতে বছরের প্রথম ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। সাকিব ১৩ বলে ২০ ও সোহান ৫ বলে সাত রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান (৩৬ বলে) করেন সাব্বির রহমান।
এদিন টসে জিতে খুলনার আবু নাসের স্টেডিয়ামে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই করে জিম্বাবুয়ে। বিনা উইকেটে শত রান পূরণ করে তারা। যদিও ১০১ রানে ওপেনার ভুসি সিবান্দা বিদায় নেওয়ার পর চিত্রপট পাল্টাতে থাকে। ৩৯ বলে ৪৬ রানে সাকিবের বলে বিদায় নেন সিবান্দা। কিন্তু নিজের ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন আরেক অভিজ্ঞ ওপেনার মাসাকাদজা। এর মাঝে ১৪ রানের মিনি ইনিংস খেলে ফেরেন ওয়ালার। এরপরেই ৫৩ বলে ৭৯ রানে ফেরেন মাসাকাদজা। যেখানে ছিল ৯টি চার ও ২টি ছয়। এরপরে একে একে চিগুম্বুরা (৩) ও লুক জঙউই (০) কে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন কাটার খ্যাত মুস্তাফিজ। শেষ পর্যন্ত ২ উইকেটই সম্বল হয়ে থাকে তার। এছাড়া ২টি নেন আল আমিন ও একটি নেন সাকিব আল হাসান।
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমেই ভুল বুঝাবুঝির খেসারত দিতে হয় বাংলাদেশকে। দলীয় ৩১ রানে আউট হয়ে ফেরেন সৌম্য সরকার (৭)। এরপর টিকতে পারেননি তামিম ইকবালও। ২৯ রানেই বিদায় নেন বাঁহাতি ওপেনার। এরপর ক্রিজে নামেন অভিষেক টি-টোয়েন্টি খেলতে নামা শুভাগত। ৬ রানে ব্যাট করতে থাকা ব্যাটসম্যানকে বোল্ড করেন শন উইলিয়ামস। সাব্বির মুশফিক জুটি চতুর্থ উইকেটে ৪৪ রান যোগ করে প্রতিরোধের দেওয়াল দিলেও এই জুটি ভাঙেন ক্রেমার। ৪৬ রানে ব্যাট করতে থাকা সাব্বিরকে ফেরান তিনি। এরপরেই ওয়েলিংটন মাসাকাদজার বলে আউট হন ২৬ রান করা মুশফিক। মাহমুদউল্লাহ নামলেও তাকে বোল্ড করেন জঙউই। তিনি বিদায় নেন ৭ রানে। বাকি সময়টুকু নিরাপদে কাটিয়ে দেন সাকিব ও নুরুল হাসান সোহান। তাদের দুজনের ১১ বলে ২৯ রানের জুটিতে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
/আরআই/এফআইআর/








