নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে ৭৬ রানে! ৩৭ বলে ২০ রানের ইনিংস খেলা মুশফিকই দলের শীর্ষ সংগ্রাহক। টেস্ট মেজাজে মুশফিকের এই ব্যাটিংটা না হলেও সর্বনিম্ন রানের লজ্জা এড়াতে পারতো না স্বাগতিকরা। তৃতীয় টি-টোয়েন্টিতে হতশ্রী ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ অবশ্য বড় কোন জুটি না হওয়াকেই দায়ী করলেন।
পুরস্কার বিতরণী মঞ্চে টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘বোলাররা ভালো কাজ করেছে তাদের ১৩০ রানে (আসলে ১২৮) আটকে। আমরা ব্যাটিংয়ে ভালো শুরু করেছিলাম। কিন্তু ছন্দ হারিয়েছি। একসঙ্গে সবাই আউট হয়েছি। কেউ ভালো করতে পারিনি। জুটি গড়তে না পারায় পিছিয়ে পড়ি। সেখানেই আজ পিছিয়ে গিয়েছি। আশা করছি, আমরা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবো।’
রবিবার ম্যাচ হারলেও মাহমুদউল্লাহ সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমরা এখনও এগিয়ে আছি। সিরিজ জয়ের জন্য হাতে দুইটি সুযোগ আছে। আশা করছি, আমরা আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াবো এবং সেটি জিতে সিরিজ নিশ্চিত করবো।’









