ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের উল্লাস বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের উল্লাস করেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজ জেতার আনন্দ কখনও করতে পারেনি। এবার সেই আক্ষেপও জুড়ালো মাহমুদউল্লাহরা। তৃতীয় টি-টোয়েন্টি হেরে যে ধাক্কা লেগেছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ (বুধবার) সিরিজ জয়ের উল্লাসে মাতলো লাল-সবুজ জার্সিধারীরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চতুর্থ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ডের ৯৩ রানের সংগ্রহটাই কঠিন হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য! শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে ৪ উইকেট হারিয়ে। তাতে এক ম্যাচ আগে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা। এই প্রথম টানা তিনটি সিরিজ জিতলো বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাহমুদউল্লাহরা।

এই সিরিজের আগে ‍টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে জয়ের ইতিহাস ছিল না বাংলাদেশের। সেই তাদের বিপক্ষেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলো মাহমুদউল্লাহরা। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারীদের অল্পতে আটকে রেখে মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে নিশ্চিত করে জয়। সত্যিকার অধিনায়কের মতো ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ডানহাতি ব্যাটসম্যান ৪৮ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৩ রানে। নাঈম শেখের ২৯ রানও রেখেছে অবদান।

মোস্তাফিজের চমৎকার ক্যাচের পর মাহমুদউল্লাহর অভিনন্দন এই দুজন ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। দুর্দান্ত বোলিংয়ে টপ অর্ডার চেপে ধরেছিলেন এজাজ প্যাটেল। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ২ উইকেট। কোল ম্যাকনকি পেয়েছেন ১ উইকেট।

চার মেরেই লিটনের বিদায়

বাংলাদেশের শুরুটা কিন্তু ভালো ছিল না। কোল ম্যাকনকির প্রথম বলটা সীমানা ছাড়া করলেন লিটন দাস। আত্মবিশ্বাস হোক কিংবা ঝোঁকেই হোক, আবারও বাউন্ডারির ‘লোভ’ করলেন ডানহাতি ওপেনার। বল উড়িয়ে মারতে গিয়ে শেষরক্ষা হলো না লিটনের। উইকেট বিলিয়ে আসেন তিনি।

ওপেনিং সমস্যা কাটলো না নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও। এবার উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হলো ৮ রানে। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে লিটন ছুড়ে এসেছেন উইকেট। ম্যাকনকির আগের বলে চার মেরেছিলেন, পরের বলেই ক্যাচ দিয়েছেন ফিন অ্যালেনের হাতে। কিউই ফিল্ডার ঝাঁপিয়ে নিয়েছেন ক্যাচ।

ক্যাচ আউট হয়ে ফেরার আগে লিটনের ব্যাট থেকে আসে ৬ রান। ১১ বলের ইনিংসে ‍চার মেরেছেন একটি।

সাকিব-মুশফিকের হঠাৎ কী হলো!

ব্যাটিং যেমন-তেমন হলেও সাকিব আল হাসান অন্তত বোলিংয়ে পুষিয়ে দিচ্ছিলেন। কিন্তু গত দুই টি-টোয়েন্টিতে বল হাতেও নেই সাফল্য। আর ব্যাটিংয়ে? শুধুই হতাশার ছবি। সাকিব তবু অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে কোনও না কোনোভাবে অবদান রেখেছেন। কিন্তু মুশফিকুর রহিম, ‘মি. ডিপেন্ডেবল’ তো আসা-যাওয়াতেই ব্যস্ত!

কোয়ারেন্টিন বিধির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মুশফিক। ফিরেছেন কিউইদের বিপক্ষে সিরিজে। কিন্তু ব্যাট হাতে মোটেও মেলানো যাচ্ছে না এই মুশফিককে। আগের তিন ম্যাচের ব্যর্থতা ঝেরে ফেরার সুযোগ ছিল আজ (বুধবার) চতুর্থ টি-টোয়েন্টিতে। কিন্তু মুখোমুখি তৃতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন তিনি। এ নিয়ে চলতি সিরিজে দ্বিতীয়বার শূন্যতে আউট হলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

রানের খাতা খোলার আগেই ফিরেছেন মুশফিক আগের তিন টি-টোয়েন্টিতে তার স্কোর যথাক্রমে- ১৬*, ০, ২০*। দুটো ম্যাচে অপরাজিত থাকাকে ইতিবাচক ধরা যায়। কিন্তু মুশফিকসুলভ ব্যাটিং পাওয়া যায়নি। আজ তো নিজের প্রিয় প্যাডেল সুইপ খেলতে গিয়েই সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন এজাজ প্যাটেলের বলে।

কয়েক বল আগে এই এজাজের শিকার হয়েই স্টাম্পিং হয়ে ফিরে যান সাকিব। তার আউটটি ছিল আরও দৃষ্টিকটু। অপ্রয়োজনীয় শটে উইকেট বিলিয়ে এসেছেন তিনি। ডাউন দ্য উইকেটে গিয়ে শটস খেলতে চেয়েছিলেন, কিন্তু বল তার ব্যাটের নিচ দিয়ে উইকেটকিপার টম ল্যাথামের গ্লাভসে জমা পড়লে তিনি স্টাম্পিং করতে ভুল করেননি। ফেরার আগে সাকিব ৮ বলে এক বাউন্ডারিতে করেন ৮ রান।

ভুল শটে যে আউট হয়েছেন, সাকিবের বুঝতে দেরি হয়নি। আউট হওয়ার পরপরই তার অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে। কিছুটা চাপও কি নয়? কারণ, টানা দুই ম্যাচে বল কিংবা ব্যাট- কোনও জায়গায় সুবিধা করতে পারেননি। আজ বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য।

নাঈমের দুঃখ

ওপেনিংয়ে সমস্যা মিটছে না। উদ্বোধনী জুটিতে বারবার ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও একই হাল। তবে নাঈম শেখ তার জায়গায় সন্তুষ্ট হতেই পারতেন। কিন্তু হলো না। এবার আর ব্যাটিং ব্যর্থতায় কাঠগড়ায় উঠবেন না। দুঃখজনক রান আউটে হয়েছে চমৎকার ইনিংসের সমাপ্তি।

মাহমুদউল্লাহর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নাঈম। বদলি ফিল্ডার ডাগ ব্রেসওয়েলের চমৎকার থ্রো ধরে উইকেট ভেঙে দেন টম ল্যাথাম। ঝাঁপিয়েও ক্রিজে পৌঁছাতে পারেননি নাঈম। পরিস্থিতির দাবি মিলিয়ে চমৎকার খেলতে থাকা বাঁহাতি ওপেনার থামেন ২৯ রানে। ৩৫ বলের ইনিংসটি তিনি সাজান এক চার ও সমান ছক্কায়।

নাসুমকে ঘিরে সতীর্থদের উল্লাস ম্যাচসেরা

ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। অসাধারণ বোলিংয়ে তিনি ভেঙে দিয়েছিলেন কিউইদের ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ২ মেডেনসহ ১০ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কার তার হাতেই মানায়।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩ (ইয়ং ৪৬, ল্যাথাম ২১, অ্যালেন ১২, ব্ল্যান্ডেল ৪, এজাজ ৪, টিকনার ২; নাসুম ৪/১০, মোস্তাফিজ ৪/১২, সাইফউদ্দিন ১/১৬, শেখ মেহেদী ১/২১, সাকিব ০/২৫)।

বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৬/৪ (মাহমুদউল্লাহ ৪৩*, নাঈম ২৯, সাকিব ৮, আফিফ ৬*, লিটন ৬; এজাজ ২/৯, ম্যাকনকি ১/৩৪)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ।

ম্যাচসেরা: নাসুম আহমেদ।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম