করোনাভাইরাস শঙ্কায় স্থগিত হয়েছে ম্যানচেস্টার টেস্ট। ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট মাঠে না গড়ানোর ‘কারণ’ হিসেবে মোটামুটি ভাবে এই বিষয়টিই সামনে এসেছে। যদিও ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ‘অন্য কারণ’ খুঁজে বের করেন। তাদের মতে, আইপিএলের কারণেই হয়নি ম্যানচেস্টার টেস্ট। জলঘোলা পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। সাফ জানিয়ে দিলেন, তারা দায়িত্বহীন কোনও বোর্ড নয় যে টেস্ট ম্যাচ বাতিল করে দেবেন।
ভারতের ফিজিও যোগেশ পারমারের শরীরে করোনা ধরা পড়ে। এরপর দলের বাকি সবাই ‘নেগেটিভ’ হলেও ভারতীয় ক্রিকেটাররা ম্যানচেস্টার টেস্ট খেলতে চাননি। যদিও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেন ভন অন্য কিছুর গন্ধ খুঁজে পান। আইপিএলের কারণেই পঞ্চম টেস্ট মাঠে গড়ায়নি বলে তার ধারণা!
ভনের ধারণার পক্ষে যুক্তিও আছে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দেশটির নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের ছয় দিন কোয়ারেন্টিন করতে হবে। সেক্ষেত্রে ১০ সেপ্টেম্বর সূচিতে থাকা ম্যানচেস্টার টেস্ট হলে খেলোয়াড়রা কোয়ারেন্টিনের সময় পূরণ করতে পারতেন না। তাই পঞ্চম টেস্ট ‘বাতিল’ করা হতে পারে।
এই কথা যে পুরোপুরি ভিত্তিহীন, সৌরভ জানিয়ে দিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে বিসিসিআই সভাপতি জানিয়েছেন, আইপিএলের কারণে কোনোভাবেই স্থগিত হয়নি ম্যানচেস্টার টেস্ট। সব অভিযোগ অস্বীকার করে সাবেক এই অধিনায়কের বক্তব্য, ‘বিসিসিআই মোটেও দায়িত্বহীন কোনও বোর্ড নয়। আমরা অন্য বোর্ডকে সঠিকভাবে মূল্যায়ন করতে জানি।’
তাহলে ম্যানচেস্টার টেস্ট না হওয়ার কারণ কী? সৌরভ বলেছেন, ‘(ভারতের) খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানায়। যদিও আপনি তাদের দোষ দিতে পারেন না। ফিজিও যোগেশ পারমার খেলোয়াড়দের খুব কাছাকাছি ছিল। সে খেলোয়াড়দের সঙ্গে স্বাধীনভাবে ঘোরাঘুরি করে।’
সঙ্গে যোগ করেছেন, ‘সে (ফিজিও) কোভিড পজিটিভ হলো। অথচ খেলোয়াড়দের দৈনন্দিন জীবনের সঙ্গে সে জড়িত। প্রত্যেকটি বিষয়েই তার উপস্থিতি আছে। তাই খেলোয়াড়রা ভয়ই পেয়ে গিয়েছিল, যখন জানতে পারে সে কোভিড-১৯ পজিটিভ।’
কথার এক ফাঁকে সৌরভ জানিয়ে রেখেছেন, স্থগিত হওয়া ম্যাচটি চান তিনি। আগামী বছরের সুবিধাজনক সময়ে যেন ম্যাচটি আয়োজন করা যায়, সেই দিকে দৃষ্টি বিসিসিআই সভাপতির।









