চট্টগ্রামে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে প্রথম চার দিনের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। আজ (বৃহস্পতিবার) আগে ব্যাট করে দিনশেষে ৫ উইকেটে ২৬০ রান করেছে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার নিয়ে গড়া ‘এ’ দল। প্রথম দিন ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
মুমিনুল হকের জায়গায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে মাঠে নেমে শুরুটা ভালো করতে পারেনি ‘এ’ দল। ২৪ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়েন শান্ত ও সাদমান ইসলাম।
ওপেনার সাদমান ৫৮ রানে আউট হলেও সেঞ্চুরির পথে ছিলেন শান্ত। কিন্তু ৪ রান দূরে থাকতে মাহমুদুল হাসানের বলে তানজিদ হাসানকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ২০৩ বলে খেলা ৯৬ রানের ইনিংসটি শান্ত সাজানা ৮ চার ও ৩ ছক্কায়।
হাই পারফরস্যান্স ইউনিটের বোলার মাহমুদুল, সুমন, রেজাউল ও মুরাদ একটি করে উইকেট নিয়েছেন।
টেস্ট দলের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ করে দিতে এইচপি দলের বিপক্ষে ‘এ’ দলের ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টেস্টের গুরুত্বপূর্ণ চার ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ‘এ’ দলকে।
বাবার অসুস্থতার কারণে মুমিনুল এই ম্যাচে খেলতে পারেননি। মেহেদী হাসান মিরাজ করোনা পজিটিভ। পেসার ইবাদত হোসেনের ডাক পড়েছে বিমানবাহিনীতে। আর আবু জায়েদ রাহী শারীরিক অসুস্থতার কারণে খেলতে পারেননি। সব মিলিয়ে তাই মূল একাদশ ছাড়াই মাঠে নেমেছে ‘এ’ দল।









