ওমানে পৌঁছে একদিন রুম কোয়ারেন্টিনে থেকে আজ (মঙ্গলবার) অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ওমান ক্রিকেট একাডেমির উইকেটে বড় বড় ঘাস। সেই ঘাসের উইকেটে পেস বোলাররা যেমন সুবিধা পাচ্ছেন, তেমনি ব্যাটসম্যানরাও খেলতে পারছেন সাবলীলভাবে। এমন উইকেট দেখে টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার দারুণ রোমাঞ্চিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। সেই প্রস্তুতির মধ্যে ওমান থেকে ভিডিও বার্তায় সৌম্য বলেছেন, ‘আজ যেমন দেখলাম, উইকেটে ঘাস ছিল। পারফেক্ট স্পোর্টিং উইকেট ছিল। এমন উইকেট থাকলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের জন্যও ভালো হবে। নেটে বল ভালো আসছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে জন্য এমন উইকেট থাকলে হিটিংয়ের জন্য ভালো হয়।’
কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে ওমানের মাঠে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। সৌম্য বলেছেন, ‘আজকে আমরা প্রথমবারের মতো মাঠে নেমেছিলাম। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ফুটবল খেলেছি, নেট করেছি। সব মিলিয়ে দিনটা ভালো গেছে। আশা করি ভালো হবে। প্রথম কয়েকদিন হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। তবে আস্তে আস্তে সেটা কাভার হবে।’
জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর কয়েক সপ্তাহের বিশ্রামে ছিলেন ক্রিকেটারর। অনেকে অবশ্য ছুটির সময়টাতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছেন। বিশ্রামের পর বড় মঞ্চের জন্য ক্রিকেটাররা প্রস্তুত বলে জানিয়েছেন সৌম্য, ‘মানসিকভাবে তো সবাই প্রস্তুত। সবাই খেলার মধ্যেই ছিল। আমরা বড় একটি টুর্নামেন্ট খেলতে এসেছি। সবাই বিশ্রামে থেকে আবার কামব্যাক করেছে। সবার ফিটনেস ভালো আছে। ছুটির মধ্যেই সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে।’









