টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পর এক অর্থে সেমির স্বপ্ন ফিকে হয়ে গেছে ভারতের। পরিস্থিতি এতই জটিল, শেষের তিনটি ম্যাচ জিতলেও ভারতের সেমিফাইনাল নিশ্চিত বলা যাবে না!
এখন ভারতীয় দলের ব্যর্থতার কারণ খুঁজে বের করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আইপিএল প্রসঙ্গও এলো। কারণ টানা ৬ মাস খেলার ধকলেই ছিল টিম ইন্ডিয়া। যার বড় একটা অংশ জুড়ে ছিল এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ!
আইপিএল মৌসুমের পর ক্লান্তিজনিত অবসাদ গ্রাস করেছে কিনা, এমন প্রশ্ন করতেই ভারতীয় দলের প্রতিনিধি হয়ে আসা জসপ্রীত বুমরাহ স্বীকার করে নিলেন যে, ‘অবশ্যই। অনেক সময় বিরতির প্রয়োজন হয়। দীর্ঘ ৬ মাস খেলার মাঝে রয়েছি। এই সময় পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন।’
ভারতীয় ক্রিকেটাররা আইপিএল সংশ্লিষ্ট সেই এপ্রিল থেকে। মাঝপথে করোনায় মৌসুম স্থগিত হয়ে গেলেও পরে সেটি শুরু হয়েছে সেপ্টেম্বর। তার আগে টিম ইন্ডিয়ার টেস্ট টিমের সদস্যরাও সুরক্ষিত বলয়ে ইংল্যান্ড সফর করেছে।
সব মিলে দীর্ঘদিনের এই জীবানু সুরক্ষিত বলয় যে মানসিকভাবে প্রভাব ফেলে, সেটি উঠে এলো বুমরাহর কথায়, ‘এসব বিষয় কিন্তু মনের অগোচরে চলতে থাকে। বলয়ে থাকা, দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকা- এসবই প্রভাব ফেলে।’
বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ হয়েও কিউইদের বিপক্ষে বাজে নজির স্থাপন করেছে কোহলির দল। ১১ ওভারে ৪৮ রান তুলেছে ৪ উইকেট হারিয়ে। বাজে ব্যাটিংয়ের কারণ দর্শাতে গিয়ে ভারতের এই বোলার বলেছেন, ‘সবাই নিরাপদ স্কোর চেয়েছিল। যেহেতু শিশিরের কারণে এই পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ, তাই ১০-২০ রান বেশি করার চেষ্টা ছিল। বোলারদের সাহায্য করার জন্যই ব্যাটাররা তা করতে চেয়েছিল। কিন্তু মারতে গিয়ে পর পর উইকেট হারাতে হয়েছে।’









