গত সপ্তাহেই আইসিসি টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে বসেছেন সাকিব আল হাসান। না, স্থানচ্যুত হননি, তবে জায়গাটা আর এককভাবে তার নয়। ভাগ বসিয়েছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বলে আলো ছড়িয়ে সাকিবের সঙ্গে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের চূড়ায় আফগান অধিনায়ক। ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন বাবর আজম। অন্যদিকে বোলিং র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা।
চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিবের। শেষ দুই ম্যাচ তাকে ছাড়া খেলতে হচ্ছে বাংলাদেশকে। যেভাবে বিশ্বকাপ শুরু করেছিলেন বাঁহাতি অলরাউন্ডার, শেষ দিকে এসে তা ধরে রাখতে পারেননি। চোটে ছিটকে যাওয়ার আগে শেষ দুই ম্যাচে কোনও উইকেট পাননি, ব্যাটও হাসেনি। অন্যদিকে নবি পাকিস্তানের বিপক্ষে হার না মানা ৩৫ রানের পর নাবিবিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছেন অপরাজিত ৩২ রানের ঝড়ো ইনিংস। বোলিংয়েও ছিলেন দুর্দান্ত। দীপ্তিহীন সাকিবের বিপরীতে নিজের আলোকিত পারফরম্যান্স মিলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভাগ বসিয়েছেন নবি। দুজনেরই রেটিং পয়েন্ট ২৭১।
এদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বাবর। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে বসন্ত চলছে পাকিস্তান অধিনায়কের। নামিবিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচেও খেলেছেন ৭০ রানের চমৎকার ইনিংস। ফলে ডেভিড মালানকে সারিয়ে এক নম্বরে উঠে গেছেন তিনি। বাবরের রেটিং পয়েন্ট এখন ৮৩৪। আর মালানের রেটিং ৭৯৮।
বড় লাফ দিয়েছেন জস বাটলার। সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান আট ধাপ এগিয়ে রয়েছেন ৯ নম্বরে। অ্যারন ফিঞ্চ তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে তিনে। চারে মোহাম্মদ রিজওয়ান। পাঁচে রয়েছেন বিরাট কোহলি।
বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও বদল হয়েছে। দক্ষিণ আফ্রিকান রিস্ট স্পিনার তাবরেজ শামসিকে সরিয়ে শীর্ষে বসেছেন হাসারাঙ্গা। ক্যারিয়ারে এই প্রথম বোলিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে বসলেন এই লেগ স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া হাসারাঙ্গা এই মুহূর্তে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। তার সবচেয়ে কাছে থাকা সাকিব (১১) ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। লঙ্কান স্পিনার শীর্ষে বসায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন শামসি।









