প্রথম দিনের প্রথম সেশন বাদ দিলে পুরোটা সময় ছিল বাংলাদেশের আধিপত্য। লিটন দাস পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটার দ্বিতীয় দিনে কতদূর যেতে পারেন, সেটাই ছিল জানার আগ্রহ। যদিও বেশি দূর যেতে পারেননি, দিনের শুরুতেই ফিরে গেছেন এই উইকেটকিপার।
আজ (শনিবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। প্রথম সেশনে স্বাগতিকদের স্কোর ৮৯ ওভারে ৫ উইকেটে ২৫৯ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতায় লিটনের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। চাপের বোঝা মাথায় চেপে দুর্দান্ত এক সেঞ্চুরিতে সমালোচকদের সবকিছুর জবাব দিয়েছেন তিনি। প্রয়োজনের সময় চমৎকার ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রেখেছিলেন। দারুণ একদিন পার করে দ্বিতীয় দিনে নিজেকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু হাসান আলীর বলে ১১৪ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে।
অর্থাৎ, দ্বিতীয় দিনে মাত্র ১ রান করে আউট হয়ে গেছেন লিটন। হাসানের বলে জোরালো এলবিডব্লিউয়ের আবেদন উঠলেও আম্পায়ার সাড়া দেননি। পাকিস্তান নেয় রিভিউ। সেখানেই শেষ হয়ে যায় লিটনের ইনিংস। দেখা মেলে বল উইকেটে আঘাত করেছে। ২৩৩ বলের চৎকার ইনিংসটি ডানহাতি ব্যাটার সাজিয়েছেন ১১ চার ও ১ ছক্কায়। তার বিদায়ে মুশফিকের সঙ্গে ভাঙে ২০৬ রানের জুটি।









